ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের সঙ্গে তার উদ্বোধনী জুটি এবং বরিশাল বার্নার্সের দুর্দান্ত ফিল্ডিং দুরন্ত রাজশাহীর সঙ্গে ২২ রানে জেতা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ম্যাচ সেরা আহমেদ শেহজাদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল বার্নার্সের পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদ বলেন, “ক্রিস গেইলের সঙ্গে আমার উদ্বোধনী জুটি ভালো হচ্ছে। এছাড়া আমাদের ফিল্ডিংও খুব ভালো হয়েছে সেটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।”
ক্রিস গেইলের ব্যাটিং খুব উপভোগ করছেন বলে জানান শেহজাদ। তিনি বলেন, “ক্রিস গেইল একজন দারুণ ব্যাটসম্যান। সবকিছু তিনি খুব সহজ করে দেন। তার সঙ্গে খেলা একদিকে আবার বেশ কঠিন, সে জন্য খুব ভালো প্রস্তুতি নিতে হয়।”
টানা দুই ম্যাচে দুই জয়কে অনুশীলনে দলের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন শেহজাদ।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়ার হয়ে খেলার কারণে উইকেট বেশ পরিচিত শেহজাদের কাছে। তিনি বলেন, “উইকেট খুব একটা বদলায়নি। নতুন বল বেশ সহজেই ব্যাটে আসে। তবে স্পিনাররা এখানে বেশ সহায়তা পাচ্ছেন। যে দলে উঁচু মানের স্পিনার থাকবে এবং যাদের স্পিনাররা ভালো করবে তারাই এখানেই ভালো করবে।”
“আমাদের দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন এবং তারা ভালো করছেন,” যোগ করেন তিনি।
দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্য্যাটসম্যান মিজানুর রহমান অবশ্য মনে করেন শেন আরভিনের তৃতীয় ওভারটিই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।
তারপরও লক্ষ্য দুরন্ত রাজশাহীর নাগালেই ছিল বলে মনে করেন মিজানুর। তিনি বলেন, “উপরের সারির কোনো একজন ব্যাটসম্যান রান পেলে জয় কঠিন হতো না। কিন্তু স্থানীয় বা বিদেশি কেউই সেভাবে রান পান নি একারণেই হেরে যেতে হয়েছে।”
“দুই ম্যাচ হারলেও রাজশাহী ভালো ক্রিকেট খেলছে। আরেকটু ভালো করতে পারলে জয় নিয়েই ফেরা যাবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএ/২৩৫৮ ঘ.
bdnews24