২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাট হাতে তান্ডবের পর মাঠের বাইরে শান্ত গেইল

বৃহস্পতিবার ঢাকায় এসে উত্তেজনায় রাতে ঘুম আসেনি ক্রিস গেইলের। খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচের দিকে। তবে সিলেট রয়্যালসের ওপর দিয়ে ঝড় বইয়ে দারুণ এক শতক করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ক্রিস গেইল একেবারেই শান্ত। মাঠে ব্যাট হাতে তান্ডবের কোনো চিহ্নই তার চেহারায় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ঢাকায় এসে উত্তেজনায় রাতে ঘুম আসেনি ক্রিস গেইলের। খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচের দিকে। তবে সিলেট রয়্যালসের ওপর দিয়ে ঝড় বইয়ে দারুণ এক শতক করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ক্রিস গেইল একেবারেই শান্ত। মাঠে ব্যাট হাতে তান্ডবের কোনো চিহ্নই তার চেহারায় নেই। ২০ ওভারের ক্রিকেট অর্থাৎ টি-টোয়েন্টিতে এটি গেইলের ষষ্ঠ শতক। এই সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কোনো রহস্য নেই। আমি সবসময় আমার স্বাভাবিক ব্যাটিং করার চেষ্টা করি।” নুর হোসেন মুন্নার করা চতুর্দশ ওভারের প্রথম বলটি বেশ খাটো লেন্থের ছিলো। ঐ বলটি উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে শতকে পৌঁছে যাওয়ার পাশাপাশি বরিশাল বার্নার্সকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন গেইল। ঐ সময় এমন বল আশা করেছিলেন কিনা জানতে চাইলে গেইল বলেন, “জয়ের জন্য তখন মাত্র ৫ রান দরকার ছিলো। লেগ স্পিনার বল করতে আসায় বেশ স্বস্তি বোধ করছিলাম। শতক পাওয়ার আশাও করেছিলাম। তবে বলটা যে এতোটা খাটো লেন্থের হবে তা ভাবিনি।” ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে উপেক্ষিত গেইল এখন এক যাযাবর ক্রিকেটার। বিপিএলের আগে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ খেলে এসেছেন। তার আগে খেলেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশে। তবে বিভিন্ন দেশে খেললেও সে দেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হয় না বলে জানান গেইল। তিনি বলেন, “এখানে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলেছি। অনেক জায়গাতেই খেলতে হয় আমাকে। তবে অভিজ্ঞতার কারণে যেখানেই খেলি না কেন, সেই জায়গার সঙ্গে মানিয়ে নিতে আমার কোনো সমস্যা হয় না।” সংবাদ সম্মেলনে সিলেট রয়্যালসের অধিনায়ক পিটার ট্রেগো নির্দ্বিধায় স্বীকার করলেন, গেইলই দু দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা আসলে গেইলের কাছেই হেরেছি। তার মধ্যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিস্ময়কর ক্ষমতা আছে। বিপিএলের জন্য এই ব্যাটিং একটি ভালো বিজ্ঞাপন হয়ে থাকলো।” সিলেট রয়্যালস আরো ৩০/৪০ রান করতে পারতো কিনা জানতে চাইলে ট্রেগো বলেন, “দেড় শ রানকেই আমরা যথেষ্ট বলে মনে করেছিলাম। ১৬৫ এখানে খুব ভালো স্কোর। তবে গেইলের অসাধারণ ব্যাটিংয়ের জবাব আমাদের জানা ছিলো না।” “এই ব্যাটিংয়ের জন্যই সবাই তাদের দলে ক্রিস গেইলকে চায়,” যোগ করেন ট্রেগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫০ঘ.