ঢাকা, ফেব্র“য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আদলে ২০১০ সালের এপ্রিলে ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। প্রথম আসরেই হারিয়ে যাওয়া এই টুর্নামেন্টের ছয়টি বিভাগীয় দলের পৃষ্ঠপোষকরা এখন ক্ষতিপূরণের দাবি তুলেছে।
এসসিএল -এর দল বরিশাল ব্লেজার্সের পৃষ্ঠপোষক এটিএম সাইদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিএল টি-টোয়েন্টির জন্য আমরা বিসিবিকে ৬৫ লক্ষ টাকা করে দিয়েছিলাম। এছাড়া প্রতিটি দল পরিচালনা করতে আরো অন্তত দেড় থেকে দুই কোটি টাকা করে খরচ হয়েছে।”
২০১০ সালের ১১ এপ্রিল শুরু হওয়া এনসিএলের প্রথম আসরের দলগুলো ছিল, ঢাকা ডাইনামাইটস, রাজশাহী রেঞ্জার্স, সুলতানস অব সিলেট, বরিশাল ব্লেজার্স, কিংস অব খুলনা ও সাইক্লোনস অব চিটাগাং। এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রেঞ্জার্স।
তিন বছর এনসিএল আয়োজনের কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, “প্রথম আসরের পর তা আর আলোর মুখ দেখেনি। এবার যখন ওই টুর্নামেন্টের আদলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হল তখন কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি,” যোগ করেন তিনি।
সাইদুল আলম জানান, গত বছর থেকে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে তারা বিসিবির সঙ্গে বৈঠক করছেন।
“সর্বশেষ বুধবারের বোর্ড সভায় আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ১২ ফেব্র“য়ারি নাগাদ ব্যাপারটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।”
“পাঁচটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লিখিত একটি দাবিনামা আমরা বিসিবি সভাপতিকে দিয়েছে। একটি দল লিখিতভাবে না থাকলেও মৌখিকভাবে এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছে,” যোগ করেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “এনসিএলের দলগুলোর পৃষ্ঠপোষকদের কথা আমরা ভুলিনি। তাদের সঙ্গে এর মধ্যে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। তা না হলে তো বিপিএল শুরু হতো না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৬২৩ ঘ.
bdnews24