ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধান অতিথি হিসেবে বিপিএলের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৬টায় একুশের গান দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এর পর তিন তারকা শিল্পী কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চু এবং ভারতের শানকে নিয়ে বিপিএলের থিম সং গাইবেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার বাপ্পী লাহিড়ি। তার পরই থাকবে প্রতিযোগিতার ছয়টি দলকে নিয়ে আয়োজিত সংগীত পর্ব।
সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান উপস্থিত হওয়ার পর হবে জাতীয় সঙ্গীত। স্বাগত বক্তব্য রাখবেন বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
এরপরই বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ পর্যটন বোর্ডের তিন মিনিটের একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনার পর একে একে মঞ্চে উঠবেন বাংলাদেশ ও বলিউডের তারকা মিলা, ঋতুপর্ণা সেনগুপ্ত, আইয়ুব বাচ্চু, শাকিব খান, অপু বিশ্বাস, মালাইকা অরোরা খান ও বিপাশা বসু। দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসও গান পরিবেশন করবে বিপিএলের আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৩৩৭ ঘ.
bdnews24