ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বেশ কিছু দাবি জানিয়েছিলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেয়া ক্লাবগুলো। দাবিগুলো মেনে না নিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ক্রিকেটারদের ছেড়ে না দেয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলো তারা। বাংলাদেশের ক্রিকেটাঙ্গন ও ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ক্লাবগুলোর দাবি মেনে নেয়ার প্রতিশ্র“তি দিয়েছে বিসিবি।
ক্লাবগুলোর প্রধান তিনটি দাবি হলো বিপিএলের লভ্যাংশ দেশের সেরা ক্লাবগুলোর জন্য বরাদ্দ করা, বিপিএলে খেলতে গিয়ে কোনো ক্রিকেটার চোট পেলে তার ক্ষতিপূরণ দেয়া এবং প্রত্যেক ক্রিকেটারের বিপিএল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ সংশ্লিষ্ট ক্লাবকে দেয়া।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, “ক্লাবগুলোর দাবি যুক্তিসঙ্গত।
ঢাকা প্রিমিয়ার লিগ প্রলম্বিত হওয়ায় ক্লাবগুলোর খরচ অনেক বেড়ে গেছে। তাদের সাহায্য করার ব্যাপারে বোর্ড সভায় আমরা আলোচনা করবো। এ কথা আমরা তাদের জানিয়েও দিয়েছি।”
বিপিএল এবং অন্যান্য টুর্নামেন্ট ও সিরিজ আয়োজন করে বিসিবি এখন আর্থিকভাবে স্বচ্ছল বলে মনে করেন মুস্তফা কামাল। তিনি বলেন, “এখন সময় হয়েছে ঢাকার ক্রিকেটে অবদান রাখা ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর।
বিপিএলের বেশির ভাগ ক্রিকেটার ঢাকার ক্লাবগুলোতে খেলেন। তারা চোট পেলে সংশ্লিষ্ট ক্লাব যেন ক্ষতি পূরণ পায় তার জন্য বীমার ব্যবস্থা করা হবে বলেও জানান বিসিবি সভাপতি।
ক্লাবগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কথা বলেন আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, “আমরা দাবিগুলো তুলে বিসিবির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। আমাদের কারো কারো মনে হয়েছে ক্লাবগুলোকে দূরে রেখেই সব কিছু করা হচ্ছে।”
“আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। লিগের জন্য অনেক খরচ হলেও আমাদের আয়ের তেমন কোনো উৎস নেই। আমরা কল্পনাই করতে পারিনি বিপিএল এতো বড় আয়োজন হবে। সম্ভবত বিসিবিও তা ভাবেনি,” যোগ করেন তিনি।
ক্রিকেটারদের বিপিএল থেকে পাওয়া অর্থের একটি অংশ নিজের ক্লাবকে দেয়ার ব্যাপারটা অভিনব বলে মনে করেন নাজমুল হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার হয়তো ক্রিকেটাররা রাজি হবেন না। তারা এরই মধ্যে বিপিএলের দলগুলোর সঙ্গে চুক্তি করে ফেলেছেন। আশা করি পরের আসরে বিসিবি ব্যাপারটা মাথায় রাখবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ঘ.
bdnews24