২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল নিয়ে আশাবাদী চট্টগ্রাম কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে দামি দল চট্টগ্রাম কিংস প্রতিযোগিতাটিতে ভালো করবে বলে আশাবাদী দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা। যদিও শেষ মুহূর্তে কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে দামি দল চট্টগ্রাম কিংস প্রতিযোগিতাটিতে ভালো করবে বলে আশাবাদী দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা। যদিও শেষ মুহূর্তে কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে দলটি। খেলোয়াড়দের নিলামে তেমন সুবিধা করতে পারেনি চট্টগ্রাম কিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স আসতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রামের দলটিকে। প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর তিন দিন আগেও খেলোয়াড় নিয়ে দুঃশ্চিন্তায় তারা। তারপরও সাফল্যের বিষয়ে আশাবাদী দলটির প্রধান নির্বাহী সামির ইকবাল চৌধুরী। তিনি বলেন, “নিলামে যাদের টার্গেট করা হয়েছিলো তাদের সবাইকে নিতে পারিনি। তারপরও দল গঠনে আমরা প্রায় আশি ভাগ সফল। দলের সাফল্যের বিষয়েও আশাবাদী।” মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন বিষয় তুলে ধরেন চট্টগ্রাম কিংসের কর্মকর্তারা। দলটির প্রধান টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স জানান, “ভাল ক্রিকেটার রয়েছে, কোচও ভাল। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম কিংস ভাল করবে।” সিমন্সের জায়গায় নতুন কাউকে এখনো নেয়া হয়নি জানিয়ে জোন্স আরো বলেন, “লু ভিনসেন্ট, জেসন রয় ও ব্রেন্ডন টেলরের সঙ্গে আমাদের আলোচনা চলছে।” দলটির দূত হওয়ার জন্য ভিভ রিচার্ডস ও সুনীল গাভাস্কারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান সামির ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমসি/এসএনএল/২১২০ ঘ.