ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে পর্যুদস্ত হতে দেখে মোটেও অবাক নন মুত্তিয়া মুরালিধরন। তার মতে স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানদের দুর্বলতাই ইংল্যান্ডের দুর্দশার কারণ।
উপমহাদেশে ইংল্যান্ডের অনিয়মিত সফরের প্রসঙ্গ টেনে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে স্বীকৃত মুরালিধরন বলেন, “ওরা (ইংল্যান্ড) এ ধরনের পরিবেশে খেলে অভ্যস্ত নয়। আর ক্রিকেটে পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তাদের এ ধরনের পরিবেশে আরো বেশি-বেশি খেলে অভ্যস্ত হয়ে উঠতে হবে।”
“স্পিনের বিপক্ষে একজন ব্যাটসম্যানকে ব্যাট করা শিখতে হয়। আর এই জায়গায় যে ওদের (ইংল্যান্ডের) দুর্বলতা আছে, তা তো ফলাফলেই পরিষ্কার,” যোগ করেন তিনি।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ইংল্যান্ডের শীর্ষস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন মুরালিধরন। ওয়ানডে-টেস্ট দুটোতেই সর্বোচ্চ উইকেটের মালিক আইসিসির র্যাংকিং পদ্ধতির সমালোচনাতেও মুখর।
তিনি বলেন, “ইংল্যান্ড এখন টেস্টের এক নম্বর দল। তবে তাদের অস্ট্রেলিয়ার মতো দীর্ঘ দিন শীর্ষে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। তাদের হয়ে উঠতে হবে অপরাজেয়।”
“কয়েক মাস আগে আইসিসির র্যাংকিং পদ্ধতি বলছিলো ভারত এক নম্বর দল। তার পর হলো ইংল্যান্ড। এরপর দক্ষিণ আফ্রিকা পাবে সম্মানটা। কয়েক মাস পর-পর এখানে পরিবর্তন আসছে। তাই এটাকে অর্থহীনই বলা যায়,” যোগ করেন মুরালিধরন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৫ ঘ.
bdnews24