ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার টেস্টের সবগুলোতে হেরে যাওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও পরাজয়ের যন্ত্রণা সইতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ভারত অবশেষে জয়ের দেখা পেয়েছে। শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ভারত। তাই দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
মেলবোর্ন ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে অলআউট হওয়ার আগে ১৩১ রান করেছে তারা।
সর্বোচ্চ ৩৬ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিনচ। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান উইকেট রক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের। দুটো করে উইকেট নিয়েছেন প্রাভিন কুমার ও রাহুল শর্মা।
জবাবে বীরেন্দর শেবাগ (২৩) ও বিরাট কোহলির (৩১) উইকেট হারিয়ে ১৯ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয় নিশ্চিত হওয়ার সময় গৌতম গম্ভীর ৫৬ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২১ রানে অপরাজিত ছিলেন।
এই জয় রোববার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে ভারতকে অনুপ্রাণিত করবেই। মেলবোর্নে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৮ঘ.
bdnews24