ঢাকা, ফেব্র“য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দল হিসেবে শুক্রবার অনুশীলন করেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুশীলন করে তারা।
প্রথম দিনের অনুশীলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল ছাড়াও নাজমুল হোসেন, মোশারফ হোসেন রুবেল, আলেক্স কারভেজি ও ড্যারেন স্টিভেন্স উপস্থিত ছিলেন।
বিপিএলের ভেন্যু ইনচার্জ আবু সেলিম বাবুল বিডিনিউজকে বলেন, “আজ (শুক্রবার) বিপিএলের ছয় দলেরই অনুশীলন করার কথা ছিল। তবে অনুশীলন করে কেবল ঢাকা।”
ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের পাশাপাশি একই সময় ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়া অনুশীলন করে। এছাড়া গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স অনুশীলন করে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে।
প্রথম দিনের অনুশীলন শেষে ঢাকার অধিনায়ক মাশরাফি বলেন, “অনুশীলনে সবাই আসতে পারেননি। স্থানীয় ক্রিকেটাররা নিজ নিজ ক্লাবের সঙ্গে অনুশীলন করেন। এছাড়া আসেননি বিদেশরাও।”
“তবে শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাবের খেলা না থাকলে স্থানীয় খেলোয়াড়রা অনুশীলনে যোগ দেবেন। সবাই খেলার মধ্যেই আছেন, তাই আশা করছি কোনো সমস্যা হবে না,” যোগ করেন তিনি।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলসকে শক্তিশালী দল হিসেবেই মানছেন মাশরাফি। একই সঙ্গে তিনি বলেন, “বিপিএলের সবাই আসলে ভারসাম্যপূর্ণ দল গড়েছে। সব দলেই ভালো খেলোয়াড় রয়েছে।”
“তবে জিততে হলে মাঠে ভালো খেলতে হবে। বড় নাম দিয়ে কোনো কাজ হবে না,” যোগ করেন তিনি।
চোট কাটিয়ে নয় মাস পর অনুশীলন করতে নেমে মাশরাফি ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন বলে জানান। তিনি বলেন, অধিনায়কত্বও উপভোগ করছেন তিনি। জাতীয় দল ও আবাহনীকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা প্রতিযোগিতায় তার কাজে লাগবে বলে তিনি মনে করছেন।
মাশরাফি বলেন, “ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের মূল শক্তি ফিল্ডিং। শট খেলতে পারেন, এমন কয়েকজন ব্যাটসম্যানও আছেন দলে। এছাড়া বোলিংও বেশ শক্তিশালী।”
এদিকে মাশরাফিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দলের প্রধান কোচ ইয়ান পন্ট। তিনি বলেন, “চোট কাটিয়ে দারুণভাবে ফিরেছেন মাশরাফি। আমরা তার বোলিংয়ের ভিডিও-চিত্র দেখেছি। তার ‘ফিটনেস’ ও বোলিং নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। তিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৪৩৩ ঘ.
bdnews24