ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসরের নিলাম শনিবার। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১৪৪ জন ক্রিকেটারের নাম আছে এবারের নিলামে।
ব্যাঙ্গালোরে অনুষ্ঠেয় নিলামের তালিকায় তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান, পেসার জেমস অ্যান্ডারসন ও ব্যাটসম্যান ইয়ান বেল, অস্ট্রেলিয়ায় দুই পেসার মিচেল জনসন ও পিটার সিডল, শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে স্বীকৃত মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম এবং ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
একমাত্র বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল থাকছেন এবারের নিলামে। আছেন পাকিস্তানের অলরাউন্ডার আজহার মেহমুদও। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা ব্রাত্য হলেও মেহমুদ যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ায় নিলামে থাকার সুযোগ পেয়ে গেছেন।
এবারের নিলামে খেলোয়াড় কেনার জন্য প্রতিটি দল সর্বোচ্চ ২০ লাখ ডলার খরচ করতে পারবে। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৫ জন খেলোয়াড় নিলামে বিক্রি হতে পারেন।
আইপিএল শুরু হবে ৪ এপ্রিল থেকে। ফাইনাল ২৭ মে।
গতবার অংশ নেয়া কোচি টাস্কার্স কেরালা আইপিএল কর্তৃপক্ষকে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিতাড়িত হয়েছে। তবে তাদের খেলোয়াড়রা এবারের নিলামে থাকছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫২ঘ.
bdnews24