ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারিয়ে ফেলা ইংল্যান্ড এখন সবগুলো ম্যাচ হারের আশঙ্কায়। শুক্রবার থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টেও পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল।
অফস্পিনার সাঈদ আজমল ও বাঁহাতি স্পিনার আব্দুর রেহমানের ঘূর্ণিতে পর্যুদস্ত হয়ে প্রথম টেস্ট ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্ট ৭২ রানে হেরেছে ইংল্যান্ড। সেই সঙ্গে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায়ও পড়ে গেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল।
প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের ৪০টি উইকেটের ৩৪টিই পেয়েছেন স্পিনাররা। এর মধ্যে আজমলের ১৭, রেহমানের ১২ ও মোহাম্মদ হাফিজের শিকার ৫টি।
চার ইনিংসে ১৪১ রান করে ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যান জোনাথন ট্রট। তিনি ছাড়া শুধু অ্যালিস্টার কুকই (১০৯) এক শর ওপরে রান করতে পেরেছেন।
ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস বলেন, “এই সিরিজ জয় পাকিস্তানেরই প্রাপ্য। আমরা প্রত্যাশার চেয়ে অনেক খারাপ খেলেছি। এই দুরবস্থা কাটিয়ে আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে।”
শেষ টেস্টে পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। জুনায়েদ খানের জায়গায় সুযোগ পেতে পারেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ।
ইংল্যান্ড দলেও আসতে পারে একটি পরিবর্তন। এউইন মরগানের বদলে প্রথম একাদশে দেখা যেতে পারে রবি বোপারাকে।
ইংল্যান্ডকে কখনোই কোনো সিরিজের সব টেস্টে হারাতে পারেনি পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০১ঘ.
bdnews24