ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিলুপ্ত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স । বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকেল ৫টার মধ্যে এক শ’ কোটি রুপির ব্যাঙ্ক গ্যারান্টি নিশ্চিত করতে না পারায় আইপিএল থেকে বাদ পড়তে হচ্ছে হায়দরাবাদের দলটিকে।
ডেকান সময় বৃদ্ধির জন্য আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেয়।
এর আগে ডেকানের মালিক ডেকান চার্জার্স হোল্ডিংস লিমিটেড মুম্বাইয়ের একটি আবাসন সংক্রান্ত কোম্পানি কমলা ল্যান্ডমার্কের কাছে তাদের দল বিক্রি করার ঘোষণা দিয়েছিল।
খেলোয়াড়দের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত মাসে ডেকানের অনুমতিপত্র বাতিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলটি অবশ্য চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিলুপ্তই হতে হল আইপিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১০ঘ.
bdnews24