ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেছেন আইসিসি ম্যাচ রেফারি রোশন মহানামা। খুলনার স্টেডিয়ামটি দেশের সপ্তম টেস্ট ভেন্যুর মর্যাদা পাবে কিনা তা নির্ভর করছে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যানের প্রতিবেদনের ওপরে।
স্টেডিয়াম পরিদর্শনের সময় মহানামার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ ও সুযোগ-সুবিধা কমিটির সভাপতি শফিকুর রহমান মুন্না, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।
হেলিকপ্টারে করে সকাল দশটায় শেখ আবু নাসের স্টেডিয়ামে পৌঁছান মহানামা। প্রায় দুই ঘন্টা ধরে পিচ, আউটফিল্ড, গ্যালারি ও প্রেসবক্স পর্যবেক্ষণ করেন তিনি।
স্টেডিয়াম পরিদর্শনের পর শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন মহানামা। খেলা চলার সময় কোনো ক্রিকেটার বা কর্মকর্তা আহত বা অসুস্থ হলে এই হাসপাতালেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।
এরপর তিনি নগরীর দুটি অভিজাত হোটেল সিটি ইন ও টাইগার গার্ডেন এবং খুলনা ক্লাবের সুইমিং পুল পরিদর্শন করে বিকালে ঢাকার উদ্দেশে রওনা দেন।
মহানামার খুলনা সফর প্রসঙ্গে শফিকুর রহমান মুন্না বলেন, “আইসিসির নিয়মানুযায়ী এখনই স্টেডিয়াম সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবেন না রোশন মহানামা।”
২০০৬ সালে ওয়ানডে মর্যাদা পাওয়া স্টেডিয়ামটির টেস্ট মর্যাদা পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির মাঠ ও সুযোগ-সুবিধা কমিটির সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫১ঘ.
bdnews24