ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাছাইপর্ব পেরিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে বিশ্বের সেরা ১০টি টি-টোয়েন্টি দল অংশ নেবে।
‘এ’ গ্রুপে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী স্বদেশের দিল্লি ডেয়ারডেভিলস, অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্স, দক্ষিণ আফ্রিকার টাইটান্স ও নিউজিল্যান্ডের অকল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে আইপিএলের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস, অস্ট্রেলিয়ার সিডনি সিক্সার্স, দক্ষিণ আফ্রিকার লায়ন্স ও ইংল্যান্ডের ইয়র্কশায়ার।
শনিবার প্রথম দিনেই সাকিব আল হাসানের দল কলকাতার সঙ্গে দিল্লির লড়াই। দিল্লির জন্য সুখবর, গোড়ালির চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। শনিবার তার খেলার সম্ভাবনা প্রায় শতভাগ।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কলকাতা-দিল্লির লড়াইয়ের আগে বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে টাইটান্স ও পার্থ স্কর্চার্স। দুটো ম্যাচেরই ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক।
২৩ অক্টোবর গ্রুপ পর্ব শেষে ২৫ ও ২৬ অক্টোবর দুটো সেমিফাইনাল। ২৮ অক্টোবর জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫৮ঘ.
bdnews24