ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে অকল্যান্ড ও ইয়র্কশায়ার। বুধবার অকল্যান্ড ৮ উইকেটে হ্যাম্পশায়ারকে ও ইয়র্কশায়ার ৬ উইকেটে ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছে।
এতে বাছাই পর্বের শেষ দিনের দুই ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়েছে। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলসের মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার থেকে শুরু চূড়ান্ত পর্বের খেলা। বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স, উভা নেস্কট, হ্যাম্পশায়ার এবং ত্রিনিদাদ ও টোবাগো।
অকল্যান্ড-হ্যাম্পশায়ার
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা আজহার মেহমুদের তোপের মুখে ৮ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ডের দলটি।
সর্বোচ্চ ৬৫ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল কারব্যারি। তার ৬৫ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা। দলের আর কোনো ব্যাটসম্যান বিশের কোঠাতেই পৌঁছাতেই পারেনি।
২৪ রানে ৫ উইকেট নিয়ে মেহমুদ অকল্যান্ডের সেরা বোলার।
জবাব দিতে নেমে ১৪ ওভার বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ডের দলটি। মার্টিন গাপটিল (৩৮) ও লু ভিনসেন্ট (১৯) বিদায় নিলেও মেহমুদ (৫৫*) ও অনারু কিচেন (৬*) দলকে সহজ জয় এনে দেন। মাহমুদের ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা।
ইয়র্কশায়ার-ত্রিনিদাদ ও টোবাগো
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৮ রান করে ত্রিনিদাদ ও টোবাগো। ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ত্রিনিদাদ ও টোবাগো দেড়শর কাছাকাছি যায় চতুর্থ উইকেটে ড্যারেন ব্র্যাভো (৪৫) ও দীনেশ রামদিনের (৫৯) ৯৩ রানের বড় জুটির সৌজন্যে। রামদিনের ৪০ বলের ইনিংসটি ৬টি চার ও ১টি ছক্কায় সাজানো।
১৩ রানে ৩ উইকেট নিয়ে রায়ান সাইডবটম ইয়র্কশায়ারের সেরা বোলার।
জবাবে ১৮ ওভার ৫ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইয়র্কশায়ার। লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ইংল্যান্ডের দলটি। তবে পঞ্চম উইকেটে ১০ ওভার ২ বলে আদিল রশিদের (২৭ বলে অপরাজিত ৩৩) সঙ্গে গ্যারি ব্যাল্যান্সের ১০৩ রানের অবিচ্ছন্ন জুটি দলকে জয় এনে দেয়। ব্যালান্স ৩৭ বলে ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৪ ঘ.
bdnews24