ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সহ-সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
কলম্বোতে আয়োজিত আইসিসির সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আ হ ম মুস্তফা কামালকে ২০১২ থেকে দুই বছরের জন্য সংস্থাটির সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি ২০১৪-১৫ মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ জন্য মুস্তফা কামালকে এখনই বিসিবি’র পদ ছাড়তে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত জুনে অ্যালান আইজাককে সভাপতির দেয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি পদের জন্য তখন কাউকে নির্বাচিত করা হয়নি।
পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী এবার সহ-সভাপতি পদে বাংলাদেশ ও পাকিস্তানের প্রার্থিতা দেয়ার কথা ছিল। তবে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়ায় মুস্তফা কামালের দায়িত্ব পাওয়া সময়ের ব্যাপারেই পরিণত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএল/১৮০৬ ঘ.
bdnews24