ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। সেলিম মালিক থেকে সালমান বাট পর্যন্ত বেশ কয়েক জনের ক্রিকেট-জীবনও অকালে শেষ হয়ে গেছে সেজন্য। শোয়েব আখতারের ধারণা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কম পারিশ্রমিক দেয়ার কারণেই সে দেশের ক্রিকেটাররা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হন।
ভারতের একটি নিউজ চ্যানেল ‘হেডলাইনস টুডে’কে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক গতি-তারকা বলেন, “অল্প টাকা এবং সামান্য সুযোগ পাওয়ার কারণেই আমাদের সংস্কৃতির সঙ্গে ম্যাচ পাতানো জড়িয়ে গেছে।”
“২০০৮ সালেও এমনকি একটা গাড়ি কেনার টাকা আমার ছিল না। আমাকে এক বন্ধুর কাছে টাকা ধার করে চলতে হয়েছিল। আমি এভাবে নিজেকে চালিয়ে নিলেও অনেকেই বিপথে গেছে,” যোগ করেন তিনি।
শোয়েব আরো বলেন, “বন্ধুরা আপনাকে খাদে ফেলে দিতে পারে, বোর্ডও হয়তো আপনাকে সাহায্য করবে না। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সুযোগ পেলে আপনি হয়তো ভাববেন ‘এদের একটা শিক্ষা দেয়া যাক!’ কেউ-কেউ হয়তো দুর্নীতিগ্রস্ত, কিন্তু অনেকেই সিস্টেমের কারণে অপরাধীতে পরিণত হয়।”
পাকিস্তানের ক্রিকেটারদের ‘অপরাধী’তে পরিণত হওয়ার পেছনে অর্থকেই সবচেয়ে বেশি দায়ী করলেন
৩৭ বছর বয়সী শোয়েব। তিনি বলেন, “এখানে (পাকিস্তানে) ক্রিকেটে বেশি টাকা নেই। আপনারা তো জানেন আমি ভারতের হয়ে খেলিনি। আমি বড় তারকা ছিলাম, কিন্তু প্রায় ১৪ বছর খেলেও ৭-৮ কোটি রুপির বেশি আয় করতে পারিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৩ঘ.
bdnews24