ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ হাই পারফম্যান্স দল ও বাংলাদেশ ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সকালের বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হলেও বাংলাদেশ ইনিংস ভালোভাবেই শেষ হয়। কিন্তু এর পর আবারো বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করে ‘এ’ দল।
ব্যাট করতে নেমে প্রথম ছয় ব্যাটসম্যানের তিন জনই দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে ব্যর্থ হন। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও ছয় নম্বরে ব্যাটসম্যান সৌম্য সরকার রানের খাতাই খুলতে পারেননি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৬৭/৫। সেখান থেকে অধিনায়ক নাঈম ইসলামের ৪৮ রানের জুটির সৌজন্যে একশ পেরোয় ‘এ’। নাঈমের ৪১ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা। এছাড়া আর কোনো ব্যাটসম্যান বিশের কোঠায়ও পৌঁছাতে পারে নি।
অতিথি দলের শেলডন কোটেরেল (৩/১৪) ও পারমাউল বীরাসামির (৩/২৯) মারাত্মক বোলিংই স্বাগতিকদের সংগ্রহ বড় না হওয়ার কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৫ ঘ.
bdnews24