ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখী শ্রীলঙ্কা-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে সব ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে দুই অফস্পিনার সাঈদ আজমল ও অজন্তা মেন্ডিসের লড়াই।
আজমল পাকিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণের সেরা অস্ত্র, ৮ উইকেট নিয়ে দলের সেরা উইকেট শিকারীও। আট মাস পর দলে ফিরে মেন্ডিস আবারো পাদপ্রদীপের আলোয়। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেটসহ শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৯ উইকেট নেয়া মেন্ডিসই মাহেলা জয়াবর্ধনের তুরুপের তাস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের স্পিনাররা ১৮ ওভার বল করেছেন। আজমলকে সহায়তা দেয়ার জন্য শহীদ আফ্রিদি, অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও রাজা হাসানের মতো উঁচু মানের স্পিনাররা রয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোংি করা পেসার লাসিথ মালিঙ্গাও (৫/৩১) শ্রীলঙ্কার অন্যতম প্রধান অস্ত্র।
পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রীলঙ্কা প্রস্তুত বলে বুধবার জানিয়েছেন জয়াবর্ধনে। তিনি বলেন, “আমরা নিয়মিতই মুখোমুুখী হই, এবং সেখানে বেশ প্রতিদ্বন্দ্বিতাও হয়। তাদের বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। তাদের বিপক্ষে আমাদের কাজগুলো সঠিকভাবে করার ব্যাপারটি নিশ্চিত করতে হবে।”
“আজমল ও মেন্ডিস দেখিয়েছেন তারা কতটা ভালো করতে পারেন। শুধু তাদের জন্যই নয়, এটা আমাদের প্রত্যেকের জন্যই অনেক বড় এক ম্যাচ,” যোগ করেন তিনি।
২০০৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল পাকিস্তান।
১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর কোনো আইসিসি শিরোপা না জেতা শ্রীলঙ্কা তাকিয়ে থাকবে জয়াবর্ধনের নেতৃত্বাধীন দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপের দিকেও।
তবে এখনই বেশি দূরের ভবিষ্যত নিয়ে ভাবতে চান না জয়াবর্ধনে। তিনি বলেন, “শিরোপা নিয়ে ভাবার আগে আমাদের ফাইনালে যেতে হবে। আমরা হয়তো খুব বেশি ফাইনাল জিতিনি। তবে সেখানে যাওয়ার মানে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলা।”
স্পিনারদের ওপর থেকে পাদপ্রদীপের আলোটা সরিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত হাফিজ। শ্রীলঙ্কাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমাদের দলে বিশ্বমানের স্পিনাররা রয়েছে। আমার মনে হয় ফাইনালে যেতে হলে আমাদের সব বিভাগেই ভালো করতে হবে।”
“শ্রীলঙ্কা খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা যেভাবে খেলছি তাতে আমি সন্তুষ্ট। আশাকরি আমরা ইতিবাচক থাকবো,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “ঘরের বাইরেই অনেক দিন ধরে আমাদের খেলতে হচ্ছে। এতে আমরা অভ্যস্থ হয়ে গেছি। আমার মনে হয় দুই দলের ভালো ক্রিকেটকে সমর্থন দেয়ার মতো শ্রদ্ধাবোধ শ্রীলঙ্কার দর্শকদের রয়েছে।”
২০০৯ সালে সফররত শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪০ ঘ.
bdnews24