ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। এই প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার দেশ ছাড়ছেন সাকিব আল হাসান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, “ভারত হয়ে নয়, আমি সরাসরি দক্ষিণ আফ্রিকা যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফ্লাইট।”
সাকিবের দল আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে জাতীয় লিগে বড়জোর একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।
৯ অক্টোবর থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বাছাই পর্ব। চূড়ান্ত পর্ব ১৩ অক্টোবর থেকে। সেদিনই কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ দিল্লি¬ ডেয়ারডেভিলস। প্রতিযোগিতার ফাইনাল ২৮ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.
bdnews24