ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজটুকু সেরে রাখে ড্যারেন স্যামির দল।
মারলন স্যামুয়েলসের করা সুপার ওভার থেকে ১৭ রান নেয় নিউজিল্যান্ড। প্রথম তিন বলে ৫ রানের বেশি নিতে পারেননি রস টেলর-ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু শেষ তিন বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কাসহ ১২ রান নেন টেলর।
টিম সাউদির প্রথম বলটিই ক্রিস গেইল-স্যামুয়েলসের কাজ সহজ করে দেয়। ওভার স্টেপিং নো বলটি থেকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান গেইল। এরপর এক, দুই রান করে নেয়া ওয়েস্ট ইন্ডিজকে ১ বল অব্যবহৃত রেখেই জয় এনে দেন স্যমুয়েলস। পঞ্চম বলটি ছিলো নিচু ফুলটস। বলটিকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করেন তিনি।
এবারের আসরে সুপার ওভারে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় হার। সুপার এইটের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার কাছে সুপার ওভারে হেরে যায় তারা।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি। অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পাওয়ায় প্রায় একাই খেলতে হয়েছে অধিনায়ক রস টেলরকে।
শেষ পর্যন্ত ৪০ বলে ৩টি চার ও ছক্কার সাহায্যে ৬২ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি টেলর। জয়ের জন্য স্যামুয়েলসের করা শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের, কিন্তু ১৩ রানের বেশি নিতে পারেননি টেলর-ডগ ব্রেসওয়েল।
২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে জনসন চার্লস (৮) ও আন্দ্রে রাসেল (৬) দ্রুত বিদায় নিলেও ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ছিল ওয়েস্ট ইন্ডিজ।
পাওয়ার প্লের ৬ ওভার শেষে ড্যারেন স্যামির দলের সংগ্রহ ছিল ৬০/২। পরের ওভারের দ্বিতীয় বলে টিম সাউদি গেইলকে (১৪ বলে ৩০) ব্রেন্ডন ম্যককালামের ক্যাচে পরিণত করলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর স্যামুয়েলস (২৪), ড্যারেন ব্রাভো (১৬), কাইরন পোলার্ড (২৮) ও স্যামি (১১) দুই অঙ্কে পৌঁছালেও দেড়শ পর্যন্ত যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের সাউদি (৩/২১) ও ডগ ব্রেসওয়েলের (৩/৩১) মারাত্মক বোলিংও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বড় না হওয়ার কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১১ ঘ.
bdnews24