ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ষষ্ঠ ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের সুবাদে ৭ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ৪-২ ব্যবধানে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সপ্তম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৬ রান করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। জবাবে ৪২ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
লক্ষ্য তাড়া করতে নেমে আনামুল হকের সঙ্গে ৩১ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে সালমান হোসেনের (৩০) সঙ্গে ৯৭ রানের দারুণ এক জুটি গড়েন সৌম্য সরকার।
দলীয় ১৪৭ রানে আউট হওয়ার সময় সৌম্যর নামের পাশে জ্বলজ্বল করছে ৮৬ রান। ৯৮ বলের চমৎকার ইনিংসটি ১০টি চার ও একটি ছক্কায় সাজানো।
স্বাগতিকদের সহজ জয়ে ৫৬ রানে অপরাজিত মোসাদ্দেক হোসেনেরও বড় অবদান। মাত্র ৪০ বলের এই আক্রমণাত্মক ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ৪১ রানে ২ উইকেট নেন ক্রেইগ ওভারটন।
এর আগে ড্যানিয়েল বেল (৫১) ও স্যাম কেলসালের (৩১) ৭২ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় অতিথিদের। এক সময় এক উইকেটে ৯২ রানে পৌঁছালেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায়
১০১/৫-এ পরিণত হয় তারা।
এরপর র্যামি সিং (২৮) ও স্যাম উডের (১৪) লড়াই এবং নবম উইকেটে অধিনায়ক অ্যাডাম বেল (অপরাজিত ২৫) ও ব্রেট হাটনের (অপরাজিত ২৬) অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটির যোগফলে দু শ পেরোয় অতিথিরা।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে নাসুম আহমেদ স্বাগতিকদের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৬ঘ.
bdnews24