ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম পর্বের খেলায় সোমবার হেরেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। আবাহনী ৮ রানে ওল্ড ডিওএইচএসের কাছে এবং মোহামেডান ৫০ রানে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে হেরে যায়। তবে দিনের অন্য খেলায় মুশফিকুর রহিমের শতকের সুবাদে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আবাহনী-ওল্ড ডিওএচএস
ফতুল্লার খান সাহেব আলী ওসমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৫৭ রান করে ওল্ড ডিওইচএস। জবাবে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় আবাহনী।
২৫৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় আবাহনী। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ (৭৪) ও ভারতের মিথুন মানহাজের (৬৫) ১৩৬ রানের দারুণ এক জুটি আবাহনীকে সুবিধাজনক স্থানে নিয়ে আসে।
তবে সাত রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান বিদায় নিলে আবারো খেই হারিয়ে ফেলে আবাহনী। শেষের দিকে আবুল হাসান রাজুর ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংসটি ম্যাচে উত্তেজনা সৃষ্টি করলেও দলের তৃতীয় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
৫০ রানে ৪ উইকেট নিয়ে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ওল্ড ডিওইচএসের সেরা বোলার।
এর আগে জিয়াউর রহমানের ৯১ রানে সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে ওল্ড ডিওইচএস। তার ৯৩ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছয়। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে পাকিস্তানের রমিজ পিঞ্জারার ব্যাট থেকে।
আবাহনীর পক্ষে পিটার ট্রেগো ৩ উইকেট নেন ৬৭ রানে।
এটি ওল্ড ডিওইচএসের অষ্টম জয়।
মোহামেডান-গাজী ট্যাঙ্ক
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে ২২৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। খেলেছে ৪৯ ওভার ৩ বল।
২৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে মোহামেডান। পঞ্চম উইকেটে পাকিস্তানের মোহাম্মদ ওয়াহিদ ও ইমরুল কায়েস ৬৮ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। দলীয় ১৬৬ রানে বিদায় নেন ওয়াহিদ (৩৬)।
ওয়াহিদের বিদায়ের পর দলকে টেনে নিতে থাকেন ইমরুল। দলীয় ২০৫ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৬ রান করেন তিনি। ৪টি চার ও একটি বিশাল ছক্কার সাহায্যে ১০৬ বলে ওই রান করেন ইমরুল। বাকি তিনটি উইকেটও দ্রুত হারায় মোহামেডান।
গাজী ট্যাঙ্কের নায়ার আব্বাস ২৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে মোহামেডানের ব্যাটিংয়ে ধ্বস নামানোয় মূল ভূমিকা রাখেন।
প্রথমে ব্যাট করতে নামা গাজী ট্যাঙ্কের শুরুটাও ভালো হয়নি। ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো তারা। তবে চতুর্থ উইকেটে মুমিনুল হকের (৫০) সঙ্গে নাসির হোসেনের ১১৯ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।
দলীয় ২৩৩ রানে ওয়াহিদের বলে বোল্ড হওয়ার আগে নাসির খেলেন ৯২ রানের ঝকঝকে এক ইনিংস। তার ১০৬ বলের ইনিংসে ৭টি চার ও একটি বিশাল ছক্কা রয়েছে। শেষ দিকে নাজমুল মিলনের ৩৪ ও আসিফ আহমেদের ১৮ রানের ঝড়ো দুইটি ইনিংসের সুবাদে বড় সংগ্রহ গড়ে গাজী ট্যাঙ্ক।
এটি গাজী ট্যাঙ্কের ষষ্ঠ জয় আর মোহামেডানের তৃতীয় হার।
বিমান-শেখ জামাল
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৪৫ রানে অলআউট হয় শেখ জামাল। অধিনায়ক মুশফিকুর রহিম খেলেন ১০৬ রানের ঝকঝকে এক ইনিংস। তার ১১৬ বলের ইনিংসটি ৬টি চার ও তিনটি বিশাল ছক্কায় সাজানো।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে।
জবাবে ৪৭ ওভার ১ বলে ২০৬ রানে অলআউট হয় বিমান। সর্বোচ্চ ৭৪ রান আসে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন এহসানুল হক।
১৮ রানে ৪ উইকেট নিয়ে আরাফাত সানি শেখ জামালে সেরা বোলার।
এটি শেখ জামালের ষষ্ঠ জয় আর বিমানের সপ্তম হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮২৭ ঘ.
bdnews24