ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক রস টেলরের অপরাজিত শতকের সুবাদে নেপিয়ারে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে নিউজিল্যান্ডের। দিন শেষে স্বাগতিকদের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। ষষ্ঠ টেস্ট শতক করে টেলর ১১১ রানে অপরাজিত।
ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ১২৪ রান।
মধ্যাহ্ন-বিরতির পর জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন শিংগিরাই মাসাকাদজা। ৫১ রান করা গাপটিলকে উইকেটরক্ষক টাটেন্ডা টাইবুর ক্যাচে পরিণত করেন তিনি। তিন নম্বরে নামা উইলিয়ামসন (৪) বেশিক্ষণ টিকতে পারেননি। তাকে রান আউট করেন শিংগিরাইয়েরই ভাই হ্যামিল্টন মাসাকাদজা। ১৩১ রানে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন খানিকটা অস্বস্তিতে।
তবে ম্যাককালামের সঙ্গে টেলরের ৬৪ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে স্বাগতিক-শিবিরে। শুরু থেকে দৃঢ়তার সঙ্গে খেলা ম্যাককালাম শতকের সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে যান ৮৩ রান করে।
তবে টেলরকে শতক না পাওয়ার হতাশায় পুড়তে হয়নি। ড্যানিয়েল ভেট্টরির (৩৮) সঙ্গে ৮২ ও ব্র্যাডলি-জন ওয়াটলিংয়ের (অপরাজিত ১৫) সঙ্গে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়া অধিনায়কের জন্যই হাসিমুখে দিনটা শেষ করতে পেরেছে নিউজিল্যান্ড।
টেলরের ১৬৮ বলের ইনিংসে ১৩টি চার ও দুটি ছক্কা।
এই ম্যাচ দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আম্পায়ারিং করার কৃতিত্ব গড়লেন এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪০ঘ.
bdnews24