ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ৩৮২ রানে। হাতে আছে সাত উইকেট।
এর আগে বিরাট কোহলির প্রথম টেস্ট শতকের পরও ভারতের প্রথম পালা থেমে যায় ২৭২ রানে। পাঁচ উইকেট নেন পিটার সিডল। দ্বিতীয় পালায় অস্ট্রেলিয়া তিন উইকেটে রান করে ৫০।
প্রথম পালায় স্বাগতিকরা সাত উইকেটে ৬০৪ রান করে দান ছেড়ে দেয়।
উইকেটে আছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ৯ রান নিয়ে। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। প্রথম পালায় দ্বি-শতক হাঁকিয়েছেন দু’জনই।
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় পালার শুরুটা একেবারে খারাপ হয়নি। কিন্তু ৩৯ থেকে ৪০, এই এক রান করতেই হারিয়ে বসে ডেভিড ওয়ার্নার (২৮), এড কাওয়ান (১০) ও শন মার্সের উইকেট। হিসেবের খাতাই খুলতে পারেননি মার্স।
উইকেট তিনটির দু’টি নেন রবীচন্দ্রন অশ্বিন। জহির খান নেন অপরটি। দু’জনই রান দেন ২৪ করে।
সকালে ভারত দিনের খেলা শুরু দুই উইকেটে ৬১ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তার ১২ রানের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। থামেন ২৫ রান করে। সিডলের বলে পন্টিংয়ের হাতে ধরা পড়েন তিনি।
নয় রান পর সাজঘরের পথ ধরেন আরেক অপরাজিত ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তিনি তার আগের দিনের ৩০ রানের সঙ্গে যোগ করেন মাত্র ৪।
দলীয় ১১১ রানের মাথায় ভিভিএস লক্ষ্মণ বিদায় নিলে পথ হারিয়ে ফেলে ভারত। এ অবস্থায় হাল ধরেন বিরাট কোহলি ও ঋদ্ধিমান সাহা। ষষ্ঠ উইকেট জুটিতে ১১৪ রান তুলে দলকে পথে ফিরিয়ে আনতে না আনতে বিদায় নেন সাহা। ফলে পথে ফেরা আর হয়ে ওঠেনি ভারতের। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিষিদ্ধ থাকায় তার জায়গায় খেলছেন সাহা।
দলীয় ২২৫ রানের মাথায় রায়ান হ্যারিসের বলে বোল্ড হন সাহা। ৯৪ বল খেলে ৩৫ রান করেন তিনি একটি চার ও একটি ছক্কার সাহায্যে।
তবে কোহলি ছিলেন অবিচল। বেন হিলফেনহসের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি তার টেস্ট জীবনের প্রথম শতক আদায় করে নেন। ১১৬ রান করেন তিনি ২১৩ বলে। সীমানার ওপারে বল পাঠান ১১ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে একবার। সিরিজে এই একটি শতকেরই মুখ দেখলো ভারত।
লেজের দিকের ব্যাটসম্যানদের মধ্যে কেবল ইশান্ত শর্মাই পৌঁছেন দুই অঙ্কের ঘরে। ১৬ রান করে হিলফেনহসের বলে বোল্ড হন তিনি।
সিডল তার পাঁচ উইকেট নেন ৪৯ রানে। এছাড়া ৬২ রানে তিন উইকেট নেন হিলফেনহস।
চার টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩০ ঘ.
bdnews24