ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাত বছর পর বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে শুরু হতে যাওয়া টেস্টটি বাংলাদেশের ক্রিকেট-ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেপিয়ারের ম্যাচটি দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আম্পায়ারিং করতে নামছেন এনামুল হক।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার এর আগে টিভি আম্পায়ার থাকলেও টেস্টে মাঠে দাঁড়িয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার এটাই প্রথম।
নেপিয়ারে একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব থাকবে এনামুলের কাঁধে।
গত অগাস্টে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে প্রায় ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে টেস্ট ক্রিকেটে ফেরে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত ঐ ম্যাচে জিম্বাবুয়ে জেতে ১৩০ রানে।
এর পর গত নভেম্বরে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩৪ রানে হেরে যায় তারা।
নেপিয়ারের পেস সহায়ক উইকেটে চারজন পেসারের সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি থাকবেন স্পিনের দায়িত্বে। এই মাঠে কখনোই টেস্ট জিততে পারেনি নিউজিল্যান্ড। নয়টি টেস্ট খেলে সাতটিতে ড্র করেছে স্বাগতিকরা। আর হেরেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে।
দুই অভিজ্ঞ খেলোয়াড় ভুসি সিবান্দা ও ক্রিস পোফুকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে এসেছে জিম্বাবুয়ে। দলে জায়গা হয়নি সিবান্দার। আর চোটের কারণে বাদ পড়েছেন পোফু।
এর আগে ১৪টি টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে আটটি, বাকি ছয়টি ড্র।
বিদেশে জিম্বাবুয়ে মাত্র দুটি টেস্ট জিতেছে, ১৯৯৮ সালে পেশোয়ারে পাকিস্তান এবং ২০০১ সালে চট্টগ্রামে বাংলদেশের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.
bdnews24