২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে তিন শতকের দিন

বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম পর্বে তিনটি শতক হয়েছে। জহুরুল ইসলামের শতকের সুবাদে ভিক্টোরিয়া ৮ উইকেটে প্রাইম দলেশ্বরকে হারিয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগানের লড়াইয়ে শতক করেছেন দুই দলের শামসুর রহমান ও রিফাত উল্ল¬াহ। ম্যাচটি শেখ জামাল জিতেছে ৩ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম পর্বে তিনটি শতক হয়েছে। জহুরুল ইসলামের শতকের সুবাদে ভিক্টোরিয়া ৮ উইকেটে প্রাইম দলেশ্বরকে হারিয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগানের লড়াইয়ে শতক করেছেন দুই দলের শামসুর রহমান ও রিফাত উল্ল¬াহ। ম্যাচটি শেখ জামাল জিতেছে ৩ উইকেটে। দিনের অন্য ম্যাচে সূর্যতরুণকে ৬৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ভিক্টোরিয়া-প্রাইম দলেশ্বর ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৭ রান করে প্রাইম দলেশ্বর। জবাবে ৪৫ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৬৪ রানে ২ উইকেট হারায় প্রাইম দলেশ্বর। এরপর জহুরুল ও পাকিস্তানের কামরান সাজিদ (অপরাজিত ৬০) অবিচ্ছিন্ন ১৫৬ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। জহুরুল অপরাজিত থাকেন ১৩১ রানে। তার ১৩১ বলের ইনিংসে ৯টি চার ও চারটি বিশাল ছক্কা। এর আগে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া প্রাইম দলেশ্বরকে উদ্ধার করে শাহরিয়ার নাফীস (৭৭) ও ভারতের মানভিন্দর সিংয়ের (৫১) ১০১ রানের জুটি। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াই করার মতো সংগ্রহ পায়নি তারা। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার সেরা বোলার সাকিব আল হাসান। এটি ভিক্টোরিয়ার ষষ্ঠ জয় ও প্রাইম দলেশ্বরের চতুর্থ হার। শেখ জামাল-কলাবাগান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৮ রান করে কলাবাগান। জবাবে ৪৯ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে রাহুল দেওয়ানের (২৩) সঙ্গে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন শামসুর। এরপর দ্বিতীয় উইকেটে ভারতের দীপক জুনের (২৯) সঙ্গে ৬৬ ও তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন শামসুর (১০৩)। শামসুরের ১৩১ রানের ইনিংসে ১০টি চার। ৫৩ রানে ৫ উইকেট নিয়ে শাহাদাত হোসেন কলাবাগানের সেরা বোলার। এর আগে তৃতীয় উইকেটে পাকিস্তানের রিফাত ও নিজামউদ্দিন রিপনের (৩৩) ৯৭ রানের জুটির সুবাদে বড় সংগ্রহের ভিত গড়ে কলাবাগান। দলীয় ১৯২ রানে শতকে পৌঁছেই সাজঘরের পথ ধরেন রিফাত (১০১)। তার ১১৫ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা। সেখান থেকে আরাফাত সালাউদ্দিনের অপরাজিত ৩৩ ও সোহাগ গাজীর অপরাজিত ১৫ রানের সুবাদে আড়াইশ পেরোয় কলাবাগান। শেখ জামালের পক্ষে মাহমুদুল হাসান ২ উইকেট নেন ৪৫ রানে। এটি শেখ জামালের চতুর্থ জয় আর কলাবাগানের ষষ্ঠ হার। ব্রাদার্স-সূর্যতরুণ বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫১ রান করে ব্রাদার্স। জবাবে ৪৬ ওভার ৩ বলে ১৮৫ রানে অলআউট হয়ে যায় সূর্যতরুণ। নাফিস ইকবালের ৭৭, পাকিস্তানের সোহেল তানভীরের অপরাজিত ৫১ ও তুষার ইমরানের অপরাজিত ৩৩ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় ব্রাদার্স। জবাবে পাকিস্তানের রাজা আলী ৯০ রান করলেও দু শ রানের আগেই থেমে যায় সূর্যতরুণের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে সাদিদ হোসেনের ব্যাট থেকে। ব্রাদার্সের পক্ষে তুষার, শাকের আহমেদ ও পাকিস্তানের মনসুর আমজাদ দুটি করে উইকেট নেন। এটি ব্রাদার্সের দ্বিতীয় জয় আর সূর্যতরুণের টানা সপ্তম হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২০ঘ.