ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং’র দ্বি-শতকের ওপর ভর করে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন বুধবার সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। প্রথম পালায় রান করেছে সাত উইকেটে ৬০৪। জবাবে ভারত দুই উইকেটে তুলেছে ৬১ রান। ফলে এখনো পিছিয়ে আছে ৫৪৩ রানে।
উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ৩০ রান নিয়ে। অন্য প্রান্তে ১২ রানে অপরাজিত রয়েছেন শচীন টেন্ডুলকার। তাকে হাতছানি দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতক।
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার এই বিশাল রানের জবাব দিতে নেমেই হোঁচট খায় ভারত। দলীয় মাত্র ২৬ রানের মাথায় সাজঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। তার ব্যাট থেকে আসে ১৮ রান।
পাঁচ রান পরই বিদায় নেন রাহুল দ্রাবিড় (১)।
এ দু’টো উইকেট ভাগাভাগি করে নেন পিটার সিডল ও বেন হিলফেনহস। এ জন্য সিডলের খরচ হয় ১৩ রান। হিলফেনহসের ২১।
সকালে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া তিন উইকেটে ৩৩৫ রান নিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্লার্ক ও পন্টিং গতকালই (মঙ্গলবার) আদায় করে নিয়েছিলেন তাদের টেস্ট জীবনের যথাক্রমে ১৯ ও ৪১তম শতক। আর আজ (বুধবার) থামেন তারা দ্বি-শতক হাঁকিয়ে। সেই সঙ্গে অ্যাডিলেডে গড়ে তোলেন সর্বোচ্চ ৩৮৬ রানের জুটি।
দলীয় ৪৭০ রানের মাথায় উমেশ যাদবের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ক্লার্ক করেন ২১০। ৩৮০ মিনিট উইকেটে থেকে খেলেন ২৭৫ বল। তিনি তার ইনিংসটি সাজান ২৬টি চার ও একটি ছক্কা দিয়ে। ক্লার্ক খেলা শুরু করেন ১৪০ রান নিয়ে।
দলের সঙ্গে আরো ৫০ রান যোগ হওয়ার পর ৫২০ রানের মাথায় রান-আউট হয়ে বিদায় নেন মাইক হাসি। তার ব্যাট থেকে আসে ২৫ রান।
দশ রান পর ফিরে যান পন্টিং। তবে এর আগে তিনি তার ১৩৭ রানের ইনিংসটি টেনে নিয়ে যান ২২১-এ। জহির খানের বলে শচীন টেন্ডুলকারের হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে থেমে যায় তার ৫১৬ মিনিটের ইনিংসটি। ৪০৪ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি ২১ বার।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৫৩৩ রানের মাথায় পিটার সিডলের (২) বিদায়ের বেশ কিছুক্ষণ পর দান ছেড়ে দেন ক্লার্ক।
শেষ পর্যন্ত ব্র্যাড হ্যাডিন ৪২ ও রায়ান হ্যারিস ৩৫ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন তিন উইকেট নেন ১৯৪ রানে। এছাড়া ৯৬ রানে দুই উইকেট নেন জহির খান।
চার টেস্টর সিরিজ অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩২ ঘ.
bdnews24