২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সিরিজ বাঁচানোর লড়াই

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বুধবার আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হবে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড। এই ম্যাচের ওপর ইংল্যান্ডের শীর্ষস্থান ধরে রাখাও নির্ভর করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ বাঁচানোর লড়াইয়ে বুধবার আবুধাবিতে পাকিস্তানের মুখোমুখি হবে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড। এই ম্যাচের ওপর ইংল্যান্ডের শীর্ষস্থান ধরে রাখাও নির্ভর করছে। গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাত্র তিন দিনেই ১০ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। গত বছরের দুই সফলতম দলের লড়াই জমজমাট হওয়ার আশা করেছিলেন ক্রিকেট-ভক্তরা। কিন্তু প্রথম ম্যাচে পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দুবাইয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হলেও পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে এখন তর্ক-বিতর্কও চলছে। প্রথম টেস্টে আজমলের দুসরা সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলো ইংল্যান্ডকে। ইংল্যান্ড অবশ্য দাবী করছে তাদের ফিজিও ও ফিল্ডিং কোচ নাকি ভালো দুসরা করতে পারেন। অনুশীলনে তাদের সাহায্য নিয়ে দ্বিতীয় টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী অ্যান্ড্রু স্ট্রাউসের দল। এই ম্যাচ দিয়েই টেস্টে শততম বারের মতো উদ্বোধন করতে নামবেন স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্স (১৪৮), শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু-সনাৎ জয়াসুরিয়া (১১৮) এবং অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার (১১৩) জুটি ছাড়া আর কারো এই কৃতিত্ব নেই। আবুধাবিতে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ইংল্যান্ড। পিঠে ব্যথার কারণে না-ও খেলতে পারেন পেসার ক্রিস ট্রেমলেট। পাকিস্তান দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৫ঘ.