ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, চার টেস্টের সিরিজের সব খেলায় ভারতকে না হারাতে পারলে তিনি সন্তুষ্ট হবেন না।
ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে অ্যাডিলেড ওভালে ২৪ জানুয়ারি।
অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় ক্লার্ক তার কলামে লেখেন, “ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামবো আমরা তাদের ‘হোয়াইটওয়াশ’ করার লক্ষ্য নিয়ে। অত্যন্ত শক্তিশালী এই দলটিকে ৪-০ ব্যবধানে হারাতে না পারলে আমরা সবাই হতাশ হবো।”
বিশেষ করে, র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা এই দলটির বিপক্ষে পার্থেই সিরিজ নিজেদের করে নিতে পারায় অস্ট্রেলিয়া অধিনায়ক সন্তুষ্ট হয়েছেন বলে স্বীকার করেন।
তার ভাষায়, “পার্থেই সিরিজ নিজেদের করে নিতে পারা দারুণ সন্তুষ্টির ব্যাপার। র্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা দলকে হারানো নিঃসন্দেহে চমৎকার সাফল্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৭ ঘ.
bdnews24