২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে ‘এ’ দলের হার

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলকে ৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স। অতিথিদের এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। সোমবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলকে ৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স। অতিথিদের এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। সোমবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে লায়ন্স। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১১১ রান করে ‘এ’ দল। ইমরুল কায়েসের বিস্ফোরক ব্যাটিংয়ে ‘এ’ দলের শুরুটা বেশ ভালো হয়। তবে দলীয় ৩১ রানে নাজিমউদ্দিন (৮) ও ৩৩ রানে ইমরুল (২৩) বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা। ইমরুল তার ১৯ বলের ইনিংসটি সাজান একটি চার ও দুটি বিশাল ছক্কা দিয়ে। এরপর ইমরুল ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে অধিনায়ক জহুরুল ইসলাম ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় ম্যাচ থেকে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৭ রান আসে জহুরুলের ব্যাট থেকে। তার ৩০ বলের ইনিংসে একটি চার ও দুটি ছক্কা রয়েছে। শেষ দিকে আট নম্বরে ব্যাট করতে নামা আলাউদ্দিন বাবুর অপরাজিত ১৭ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা। ১৬ রানে ৩ উইকেট নিয়ে নাথান বাক লায়ন্সের সবচেয়ে সফল বোলার। এর আগে দ্বিতীয় উইকেটে জেসন রয় (৪০) ও জেমস ভিন্সের (৩২) ৫৪ রানের জুটি অতিথিদের দারুণ সূচনা এনে দেয়। ৮ ওভার শেষে ১ উইকেটে দলটির সংগ্রহ দাঁড়ায় ৮১। পরের দিকে স্বাগতিক বোলারদের হিসেবি বোলিংয়ে লায়ন্সের রানের গতি বেশ কমে। তবে অধিনায়ক জেমস টেলরের ২৮ ও জস বাটলারের ১৪ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে লায়ন্স। ‘এ’ দলের পক্ষে মোশারফ হোসেন রুবেল ২ উইকেট নেন ২৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৪০ ঘ.