২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির পাশে থাকা দরকার: কপিল

মহেন্দ্র সিং ধোনি যতদিন দলের নেতৃত্ব দেবেন ততদিন তার পাশে থাকা দরকার বলে মনে করছেন ভারতের সাবেক অল-রাউন্ডার কপিল দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহেন্দ্র সিং ধোনি যতদিন দলের নেতৃত্ব দেবেন ততদিন তার পাশে থাকা দরকার বলে মনে করছেন ভারতের সাবেক অল-রাউন্ডার কপিল দেব। “ধোনি আমাদের অধিনায়ক। তাই তার পাশে থাকা আমাদের উচিত। আসলেই আমাদের সমর্থন দরকার দলটির,” বলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। এরপর ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে গত বছর। কিন্তু তার দিনকাল মোটেও ভালো যাচ্ছে না তারপর থেকে। ইংল্যান্ড সফরে গিয়ে চার টেস্টের সিরিজের সব খেলায় হার মানে তার দল। সেই সঙ্গে হারায় টেস্ট র‌্যাঙ্কিং’র শীর্ষ স্থানও। অস্ট্রেলিয়া সফরেও চার টেস্টের সিরিজের তিনটিতে এরই মধ্যে হেরে বসে আছে ধোনির দল। চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে অ্যাডিলেডে, ২৪ জানুয়ারি। এতো হার মেনে নিতে পারছেন না ভারতের ক্রিকেট লিখিয়েরা। ধোনির তীব্র সমালোচনায় মেতে উঠেছেন তারা। তাদের অভিযোগ, অত্যন্ত রক্ষণাত্মক কায়দায় দল পরিচালনা করছেন ধোনি। ব্যাটও কথা বলছে না ধোনির। শেষ আট ইনিংসে ১৬.৫ গড়ে রান করেন ১৩৩। এরই মধ্যে ধোনি আভাস দিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপ খেলার জন্য তিনি টেস্ট থেকে অবসর নিতে পারেন ২০১৩ সালে। এ অবস্থায় দলের পাশে থাকার জন্যও কপিল ভক্তদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৫ ঘ.