ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সরকারের তিন বছর পূর্তি ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রোববার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ থেকে মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। আশা করি তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে বিসিবি প্রধান পদে কোনো নির্বাচিত ব্যক্তি দায়িত্ব নেবেন।”
আইসিসি গত জুনে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সব দেশের ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সিদ্ধান্ত নেয়। যেসব বোর্ডে সরকার মনোনীতরা দায়িত্ব পালন করছেন তাদের নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য দুই বছর সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির ভবিষ্যত সফর সূচী অনুযায়ী আগামী এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা। লাহোরে ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা দলের ওপরে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।
পাকিস্তান সফর প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “পাকিস্তান সফরের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমার ধারণা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি তেমন ভালো নয়। এই সফরের জন্য সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়া গেলেই এই সফর নিয়ে ভাবা যাবে।”
যুব উন্নয়ন অধিদপ্তরের বরাদ্দ ক্রীড়া খাতে ব্যয় হয় বলে যে অভিযোগ আছে তা ঠিক নয় বলে জানিয়েছেন আহাদ আলী সরকার। তিনি বলেন, “ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দেয়া হলেও এখানে অন্য কোনো খাতের অর্থ ব্যয় করা হয় না। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর জন্য বর্ষপঞ্জি অনুযায়ীই অর্থ বরাদ্দ থাকে।”
সংবাদ সম্মেলনে গত তিন বছরে যুব ও ক্রীড়া ক্ষেত্রের অর্জনগুলো তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫৬ঘ.
bdnews24