ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেছেন, এক শতাব্দীরও বেশি সময় পরে ক্রিকেটকে অলিম্পিকে ফেরানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছে আইসিসি। টি-টোয়েন্টি ক্রিকেটের দারুণ জনপ্রিয়তাই এর কারণ বলেও জানান তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১০ সালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে একটি ফেডারেশন হিসেবে স্বীকৃতি দেয়। এর অর্থ হচ্ছে, আইসিসি চাইলে ২০২০ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নিতে পারে।
লরগাত বলেন, “অলিম্পিকের জন্য টি-টোয়েন্টিই ক্রিকেটের আদর্শ ফরম্যাট।”
“টি-টোয়েন্টি দৃশ্যপটে আসার আগে এমন কোনো ফরম্যাট ছিল না যেটা নিয়ে আমরা অলিম্পিকে যেতে পারি,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট উপভোগ করতে বর্তমানে পার্থে অবস্থান করছেন লরগাত।
লরগাত মনে করেন, অলিম্পিকে ক্রিকেটকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খেলাটির প্রচন্ডরকম ব্যস্ত শিডিউল।
তিনি বলেন, “ক্রিকেটকে অলিম্পিকে দেখতে হলে ক্যালেন্ডার থেকে আমাদের বাড়তি সময় বের করে নিতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫৯ ঘ.
bdnews24