ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পার্থের উইকেট সব সময়ই পেসারদের সহায়ক। তাই রিকি পন্টিংয়ের বিশ্বাস, এই ম্যাচে ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাই বেশি স্বচ্ছন্দে থাকবেন।
যদিও ২০০৮ সালের ডিসেম্বরে এই মাঠেই অস্ট্রেলিয়ার দেয়া ৪১৪ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের চমকপ্রদ জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। তখন থেকেই পার্থের উইকেট ব্যাটিং সহায়ক হয়ে যাওয়া সংক্রান্ত গুঞ্জন অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে।
কিউরেটর ক্যামেরন সাদারল্যান্ড অবশ্য উইকেটের পুরনো চরিত্র ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ২০১০ সালের ডিসেম্বরে অ্যাশেজে এখানেই একমাত্র জয়টি পেয়েছিলো অস্ট্রেলিয়া।
পন্টিং বলেন, “অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা গতিশীল ও বাউন্সি পিচে খেলতে খেলতেই বড় হয়। অবশ্যই এটা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ও বাউন্সি উইকেট। ভারতীয়দের তুলনায় আমরা কিছুটা তাড়াতাড়ি এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবো। আমরা এখানে খেলতে পছন্দ করি। গত কয়েকটি টেস্টেই আমরা দেখেছি, পার্থ তার পুরনো চরিত্র ফিরে পেতে শুরু করেছে।”
“এখানে দর্শকরা ব্যাটসম্যানকে শূন্য রানে আউট হতে এবং খাটো লেন্থের বলের হাত থেকে তাদের শরীর বাঁচানোর কসরত দেখতে আসে, ” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৩ঘ.
bdnews24