২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও মোহামেডানের সহজ জয়

বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজেই জিতেছে আবাহনী ও মোহামেডান। আবাহনী ৫ উইকেটে সূর্যতরুণকে এবং মোহামেডান ৭ উইকেটে ভিক্টোরিয়াকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ২ উইকেটে জিতেছে কলাবাগানের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজেই জিতেছে আবাহনী ও মোহামেডান। আবাহনী ৫ উইকেটে সূর্যতরুণকে এবং মোহামেডান ৭ উইকেটে ভিক্টোরিয়াকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ২ উইকেটে জিতেছে কলাবাগানের বিপক্ষে। আবাহনী-সূর্যতরুণ বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪০ রান করে সূর্যতরুণ। জবাবে ৪৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ভারতের পুনিত সিং ও আনামুল হকের ৫৮ রানের উদ্বোধনী জুটির পর তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার পিটার ট্রেগো ও মার্শাল আইয়ুবের ৭৭ রানের আরেকটি কার্যকর জুটি আবাহনীকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। এরপর পঞ্চম উইকেটে ভারতের রজত ভাটিয়ার সঙ্গে মার্শালের ৬১ রানের জুটির সৌজন্যে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ১০৫ বলে খেলা মার্শালের ৯১ রানের চমৎকার ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো। আবাহনীর ৪ বল হাতে রেখে পাওয়া জয়ে রজতেরও বড় অবদান। জয়ের বন্দরে পৌঁছানোর সময় তিনি ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে পাকিস্তানের রাজা আলীর ৭৬ ও গাজী সালাউদ্দিনের ৭১ রানের দুটি ভালো ইনিংসের সুবাদে আড়াই শর কাছাকাছি সংগ্রহ গড়ে সূর্যতরুণ। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ফরহাদ রেজা আবাহনীর সেরা বোলার। চার খেলায় এটি আবাহনীর তৃতীয় জয়। সমান ম্যাচ খেলে সবগুলোতেই হার মানলো সূর্যতরুণ। মোহামেডান-ভিক্টোরিয়া ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় মোহামেডান। ব্যাট করতে নেমে ৪২ ওভার ৫ বলে ১৯৪ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ৪২ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মোহামেডান। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে ইমরুল কায়েসের (৫০) ৬৬ রানের জুটির সৌজন্যে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় গতবারের রানার্সআপরা। এরপর চতুর্থ উইকেটে নাঈম ও পাকিস্তানের হামাদ আজমের অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি মোহামেডানকে এনে দেয় বড় জয়। মাত্র ৫০ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস আসে আজমের ব্যাট থেকে। অধিনায়কোচিত ইনিংস খেলা নাঈমের অবদান অপরাজিত ৫০ রান। এর আগে ১৩০/৪ স্কোরে দাঁড়িয়ে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ৬৪ রানে শেষ ৬ উইকেট হারানো ভিক্টোরিয়া দু শও করতে পারেনি। জহুরুল ইসলাম (৫৩), পাকিস্তানের কামরান সাজিদ (৩৬) ও সাকিব আল হাসান (৩৬) ছাড়া আর কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি ভিক্টোরিয়ার পক্ষে। ২৮ রানে ৪ উইকেট নিয়ে ইয়াসিম মর্তুজা মোহামেডানের সেরা বোলার। চার খেলায় এটি মোহামেডানের তৃতীয় জয়। সমান খেলায় ভিক্টোরিয়ার প্রথম হার। গাজী ট্যাঙ্ক-কলাবাগান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ২ বলে ১৩২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। জবাবে ৩৮ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। লক্ষ্য ছোট হলেও ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় গাজী ট্যাঙ্ক। অষ্টম উইকেটে আলাউদ্দিন বাবুর (৭) সঙ্গে ৩২ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন নাজমুল মিলন। এরপর অষ্টম উইকেটে পাকিস্তানের মোহাম্মদ সামির (অপরাজিত ১১) সঙ্গে ২৬ রানের অবিচ্ছিন্ন জুুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন মিলন। খেলা শেষ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৩৯ রানে। কলাবাগানের পক্ষে রকিবুল হাসান, সোহাগ গাজী ও শাহাদাত হোসেন দুটি করে উইকেট নেন। এর আগে দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাসিরুদ্দিন ফারুক (৩১) ও রিফাত উল্ল¬াহর (৪৩) ৭২ রানের জুটি ভালো অবস্থানে নিয়ে গেলেও তা কাজে লাগাতে পারেনি কলাবাগান। এক সময় তাদের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৭৩ রান। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৫৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। ২৭ রানে ৫ উইকেট নিয়ে আলাউদ্দিন বাবু গাজী ট্যাঙ্কের সেরা বোলার। চার খেলায় এটি গাজী ট্যাঙ্কের তৃতীয় জয়। সমান খেলায় কলাবাগানের তৃতীয় হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৪ঘ.