ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ (৫৫) মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে মারা গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শোক প্রকাশ করেছে। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল পরিচালনা পর্ষদের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সকাল সোয়া এগারোটার দিকে আমরা খবর পেয়েছি। সকালে তার রুমের দরজা বন্ধ থাকায় ড্রাইভার বিপদের আশঙ্কা করে। পরে দরজা ভেঙ্গে মনজুরকে অচেতন অবস্থায় পাওয়া যায়।”
বিসিবি জানায়, সোমবার রাতে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে রাতে বনানি ওল্ড ডিওএইচএসের বাসায় ফেরেন মনজুর। বিসিবির সিইওর দায়িত্ব নেয়ার পর থেকে দেশে একাই থাকতেন তিনি। তার পরিবারের সদস্যরা থাকেন কানাডায়।
এ দিকে হোটেল ওয়েস্টিনে বিপিএল-এর ছয় দলের নিলাম চলাকালে মনজুরের মৃৃত্যুর খবর পৌঁছলে সেখানে শোকের ছায়া নেমে আসে। নিলাম কার্যক্রম অব্যাহত থাকলেও অনুষ্ঠানের ব্যাপ্তি অনেকখানি কমিয়ে ফেলার ঘোষণা দেয়া হয়।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী গোরস্তানে তাকে সমাহিত করা হয়।
সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মনজুর ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিসিবির সিইওর দায়িত্ব নেন।
১৯৮০-এর দশকে বাংলাদেশের হয়ে খেলেছেন মনজুর। এছাড়া ক্লাব ও বিভাগীয় পর্যায়ে প্রায় দুই যুগ ধরে ক্রিকেট খেলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/এসইউ/১৯০০ ঘ.
bdnews24