২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বিশ্বকাপেও খেলতে চান ক্যালিস

২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং এখনো দক্ষিণ আফ্রিকার অধরা বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নও দেখেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 02:51 PM

Updated : 25 Apr 2022, 08:55 PM

২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং এখনো দক্ষিণ আফ্রিকার অধরা বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নও দেখেন তিনি।

যদিও ৩৬ বছর বয়সী ক্যালিসের মনে অবসরের চিন্তাও উঁকি দেয় মাঝে-মধ্যেই।

তিনি বলেন, “আমি জানি না আরো দশ বছর খেলা চালিয়ে যেতে পারবো কিনা। কারণ দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করা কারো অধিকার নয়। বরং যোগ্যতা দিয়ে এটা অর্জন করে নিতে হয়। আমার সবচেয়ে বড় স্বপ্ন দেশের জন্য বিশ্বকাপ জেতা। অবশ্য আমি (আরেকটি বিশ্বকাপে খেলার) সুযোগ পাবো কিনা তা শুধু সময়ই বলতে পারবে।”

এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ক্যালিস। প্রত্যেকবারই আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তার দলকে।

২২ বছরের নির্বাসন কাটিয়ে ১৯৯২ বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলো দক্ষিণ আফ্রিকা। ঐ বিশ্বকাপে দুর্দান্ত খেললেও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে বিতর্কিত বৃষ্টি আইনে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তারা।

১৯৯৬ বিশ্বকাপে গ্র“প-পর্বের সবগুলো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ আটের লড়াইয়ে ব্রায়ান লারার এক অসাধারণ শতকের জবাব দিতে না পেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তারা।

১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে নাটকীয় টাই এবং এরপর সুপার সিক্সে ফলাফলের ভিত্তিতে বাদ পড়ে আবার ফাইনালের দোরগোড়া থেকে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা।

২০০৩ সালে আবার বৃষ্টির অভিশাপ! গ্র“প পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হিসেবের গোলমালে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে মাত্র এক রানে হেরে সুপার সিক্সে আগেই বিদায় নিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। আর গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হার মানে নিউজিল্যান্ডের কাছে।