ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানও হারাতে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার সঙ্গে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়া ভারতকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্থানে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে।
এমনকি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা ২-২ অমীমাংসিত রাখতে পারলেও ভারত র্যাংকিংয়ের দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ভারতের রেটিং পয়েন্ট ১১৭ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকবে গ্রায়েম স্মিথের দল।
অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১১০। বর্তমানে তাদের পয়েন্ট ১০৩। সিরিজের ফলাফল ৩-১ হলে বর্তমানের ১১৮ পয়েন্ট থেকে কমে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১১৩। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ১০৮।
আর অস্ট্রেলিয়া সবগুলো ম্যাচ জিতলে ভারত-অস্ট্রেলিয়া দুদলেরই রেটিং পয়েন্ট হবে ১১১। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকবে ভারত।
গত বছর ইংল্যান্ডের মাটিতে চার টেস্টের সবগুলোতেই হেরে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া করেছে ভারত। তাদের কাছ থেকে টেস্ট-শ্রেষ্ঠত্বের সম্মান কেড়ে নেয়া ইংল্যান্ড ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের মর্যাদা ধরে রেখেছে এখনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪৭ঘ.
bdnews24