ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের চেয়ে সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান একটু বেশিই অবগত। তাছাড়া খেলার অভিজ্ঞতায়ও তারা এগিয়ে। তাই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।
লাহোরে সপ্তাহ ব্যাপি অনুশীলন শেষে রোববার মিসবাহ বলেন, “আমরা সংযুক্ত আরব আমিরাতে অনেক ম্যাচ খেলেছি বলে ওখানকার পরিবেশ আমাদের একটু বেশিই পরিচিত। নিঃসন্দেহে এটা আমাদের পক্ষে থাকবে।”
দলের রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয়েছে মিসবাহকে। নিজের কৌশলের ব্যাখ্যা সম্পর্কে তিনি বলেন, “আক্রমণাত্মক খেলে হেরে যাওয়ার চেয়ে রক্ষণাত্মক খেলে জেতা ভালো। আসলে সব কিছু নির্ভর করে পরিস্থিতির ওপরে।”
সোমবার ১৪ সদস্যের পাকিস্তান দলের আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা।
১৭ জানুয়ারি থেকে দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট।
তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫০ঘ.
bdnews24