ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্ন টেস্ট শেষ হওয়ার পর অনুশীলন না করে বিশ্রাম করে সময় কাটানোয় ভারতীয় দলের কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার।
মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১২২ রানে হেরে যায় ভারত। এরপর সিডনিতে দ্বিতীয় টেস্টেও ইনিংস ও ৬৮ রানে হেরে যাওয়ায় সিরিজে তারা এখন ০-২ ব্যবধানে পিছিয়ে। দুটো ম্যাচই চার দিনে শেষ হয়ে গেলেও মেলবোর্ন টেস্ট শেষ হওয়ার পর ভারতের ক্রিকেটারদের গা-ছাড়া মনোভাবে বেশি ক্ষুব্ধ গাভাস্কার।
‘ফক্স নিউজ’কে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অনুশীলন না করা মেনে নেয়া যেতে পারে। কিন্তু আমাদের খেলোয়াড়রা কী করছিলো? কেন তারা অনুশীলন করেনি? তারা কি সেখানে বেড়াতে গেছে নাকি ক্রিকেট খেলতে?”
“প্রথম টেস্ট চার দিনে শেষ হয়ে গিয়েছিলো। তাই ম্যাচ শেষ হওয়ার পরের দিন তাদের বিশ্রাম না হয় মেনে নেওয়া গেলো। কিন্তু তারপর কেন তারা অনুশীলন করেনি? আমি বুঝতে পারছি না এরকম কঠিন সফরে তারা এমন আচরণ কেন করছে? প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হলে প্রচুর অনুশীলনের কোনো বিকল্প নেই। কেন কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছে না? খেলোয়াড়দের অবশ্যই প্রশ্নটা জিজ্ঞাসা করা উচিৎ,” যোগ করেন গাভাস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৮ঘ.
bdnews24