২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষক দল পাঠাতে সরকারকে অনুরোধ জানাবে বিসিবি

পাকিস্তানে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাতে সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার পরিচালনা কমিটির ৩৪তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাতে সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার পরিচালনা কমিটির ৩৪তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসিরি ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করেনি। বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারের নিরাপত্তা দলের সঙ্গে বিসিবির নিরাপত্তা কর্মকর্তাকেও পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডাদের তালিকার শীর্ষ উঠে আসেন। তাকে আনুষ্ঠিকভাবে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাকিব ওয়ানডেতেও অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত দলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল গাজী ট্যাঙ্কের দুই ক্রিকেটার (আসিফ আহমেদ ও মোমিনুল হক) যোগ দেননি। তাদের যোগ না দেয়ার ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ওয়ানডে মর্যাদা পাওয়ায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সকল সদস্যকে এক লাখ টাকা দেবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। এছাড়া জাতীয় ক্রিকেট একাডেমির পাশের ফাঁকা জায়গায় মহিলা ক্রিকেটারদের অনুশীলনের জায়গা তৈরি করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৪ ঘ.