ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা তিন দিন পিছিয়েছে। ১১ জানুয়ারি লিগের চতুর্থ পর্বের খেলা তিনটি ভেন্যুতে শুরু হবে।
বিকেএসপির দুই নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে সূর্যতরুণের বিপক্ষে, ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রানার্সআপ মোহামেডান খেলবে ভিক্টোরিয়ার সঙ্গে। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের প্রতিপক্ষ কলাবাগান।
এর আগে ৮ জানুয়ারি লিগের চতুর্থ পর্বের খেলা শুরু করার ঘোষণা দিয়েছিলো প্রতিযোগিতাটির আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। কিন্তু ওই দিনই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফররত ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
‘এ’ দলের সব সদস্যই প্রিমিয়ার লিগের কোনো না কোনো ক্লাবে খেলেন। তাদের যাতায়াত ও কোনো ক্লাবকে বেশি ক্ষতিগ্রস্থ না করার নীতির কারণেই লিগের খেলা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিসিডিএম।
লিগ পেছানোয় খেলোয়াড়রাও বেশ নির্ভার হয়ে ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন।
লায়ন্স দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।
লিগের তৃতীয় পর্ব শেষে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিক্টোরিয়া। দুটি করে ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে তার ঠিক পেছনেই রয়েছে আবাহনী, মোহামেডান, গাজী ট্যাঙ্ক, সিসিএস, ওল্ড ডিওএইচএস ও শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৬ ঘ.
bdnews24