ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনি টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেলেও এই ব্যর্থতার জন্য কাউকে দোষারোপ করেননি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
শুক্রবার খেলা শেষে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, “কোনো ব্যক্তিকে এককভাবে দোষারোপ করা ঠিক হবে না। আসলে ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে ভালো খেলা আমাদের জন্য বেশি প্রয়োজন।”
“ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের আরো ভালো করতে হবে। উন্নতি করতে হবে ফিল্ডিংয়েও,” যোগ করেন তিনি।
ভারতের ব্যাটসম্যানরা রানের মধ্যেই আছেন বলে মনে করেন ধোনি। তিনি বলেন, “ব্যাটসম্যানদের প্রায় সবাই অর্ধশতক পাচ্ছেন। এগুলোকে শতক পর্যন্ত নিয়ে যেতে হবে। কেউ একজন শতক করতে পারলেই আমরা লড়াই করার মতো স্কোর পাবো।”
বোলারদের কাছ থেকেও আরো বেশি প্রত্যাশা ধোনির। তিনি বলেন, “বোলারদের আরো বেশি উইকেট নিতে হবে।”
টেস্ট জীবনের প্রথম ত্রি-শতক করে দলের জয়ে বিশাল অবদান রাখার সুবাদে ম্যাচ-সেরার পুরস্কার উঠেছে মাইকেল ক্লার্কের হাতে। তবু এই জয়ে বোলারদেরই বেশি কৃতিত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
তিনি বলেন, “আমার মনে হয় প্রথম ইনিংসের বোলিংই ম্যাচটাকে আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। এমন ফ্ল্যাট উইকেটে ১০ উইকেট নেয়া সত্যিই কৃতিত্বপূর্ণ।”
“আমাদের দলে উইকেট নেয়ার মতো বোলার রয়েছে। প্রয়োজনের সময় তারা উইকেট এনে দিতে সক্ষম। এটা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৩ঘ.
bdnews24