ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁ পায়ের চোটের কারণে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না জেমস প্যাটিনসন। শুক্রবার সিডনি টেস্টে চোট পান অস্ট্রেলিয়ার এই পেসার।
মেলবোর্নে প্রথম টেস্টে ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া প্যাটিনসন সিডনিতেও দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ের অন্যতম রূপকার ।
১৩ জানুয়ারি থেকে পার্থে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে প্যাটিনসনের জায়গায় সুযোগ পেয়েছেন মিচেল স্টার্ক।
প্যাটিনসনের চোট সম্পর্কে অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কন্টুরিস এক বিবৃতিতে বলেন, “সিডনি টেস্ট শেষ হওয়ার পর বাঁ পায়ে ব্যথা অনুভূত হওয়ার কথা জানান প্যাটিনসন। তার পায়ে এক্স-রে ও স্ক্যান করানো হয়েছে।”
“রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে হাড়ে কোনো চিড় ধরেনি। তবে হাড়ে চিড় ধরার প্রাথমিক লক্ষণের আশঙ্কা করা হচ্ছে। তাই আগামী কয়েক সপ্তাহ তাকে ভীষণ সতর্ক থাকতে হবে। ভারতের বিপক্ষে সিরিজের পরের ম্যাচগুলোতে তার আর খেলা হচ্ছে না,” যোগ করেন তিনি।
পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, শন মার্শ, রিকি পন্টিং, মাইক হাসি, ব্র্যাড হ্যাডিন, পিটার সিডল, বেন হিলফেনহস, রায়ান হ্যারিস, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩২ঘ.
bdnews24