ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার কেপটাউনের নিউল্যান্ডসে থিলান সামারাবীরার অপরাজিত শতকের সুবাদে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৪২ রান করে শ্রীলঙ্কা। মাত্র ২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে এক বলের বেশি খেলতে হয়নি স্বাগতিকদের।
১১৫ রানে অপরাজিত সামারাবীরার ২১৫ বল স্থায়ী দৃঢ়তাপূর্ণ ইনিংসটি ১৪টি চারে সাজানো। এটি তার ১৪তম টেস্ট শতক।
৪ উইকেটে ১৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম সেশন দেখে-শুনে খেলে পার করে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সামারাবীরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
পঞ্চম উইকেটে শত রানের (১০২) জুটি গড়ার পরপরই বিদায় নেন ম্যাথিউস (৬৩)।
তবে নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান সামারাবীরা। সপ্তম উইকেটে থিসেরা পেরেরার (৩০) সঙ্গে ৫৬ রানের আরেকটি ভালো জুটি গড়েন তিনি। পেরেরা আউট পর অবশ্য শ্রীলঙ্কার ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি।
৩টি করে উইকেট নেন জ্যাক ক্যালিস, ভারনন ফিল্যান্ডার ও ইমরান তাহির।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঔজ্জ্বল্য ছড়িয়ে ২২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় ক্যালিস।
সিরিজ-সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এই সিরিজে ৪ ইনিংস ব্যাট করে একটি শতক ও দুটো অর্ধ-শতকসহ ১১৭.৬৬ গড়ে ৩৫৩ রান করেছেন তিনি।
এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুদল। পার্লে দিন-রাতের প্রথম ওয়ানডে ১১ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৪ঘ.
bdnews24