২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড নয়, দলই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ: ক্লার্ক

সিডনিতে অপরাজিত ৩২৯ রান করার পথে কোনো রেকর্ডের কথা মাথায় ছিলো না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। রেকর্ড নয়, দলের কথা ভেবেই ইনিংস ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনিতে অপরাজিত ৩২৯ রান করার পথে কোনো রেকর্ডের কথা মাথায় ছিলো না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। রেকর্ড নয়, দলের কথা ভেবেই ইনিংস ঘোষণা করেছেন বলেও জানান তিনি। ক্লার্কের ৩২৯ টেস্ট ক্রিকেটে কোনো অস্ট্রেলীয়র চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৩৮০ রান করে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ডের মালিক ম্যাথু হেইডেন। ৩৩৪ রান নিয়ে যৌথভাবে হেইডেনের পরেই আছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান ও সাবেক অধিনায়ক মার্ক টেলর। বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, “স্যার ডন ব্র্যাডম্যান ও মার্ক টেলরের ইনিংস দুটোর কথা আমার মাথায় ছিলো না। আমি দলকে বড় সংগ্রহ এনে দেয়ার চেষ্টা করেছি। ইনিংস ঘোষণার ফলে দলের সুবিধা প্রাপ্তি এবং শেষ বিকেলে একাধিক উইকেট তুলে নেয়ার চিন্তাই আমার মাথায় ছিলো।” ইনিংস ঘোষণার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্লার্ক বলেন, “এই টেস্টে তিন শর ওপরে রান করতে পেরে আমি দারুণ খুশি। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। এটাই আমার ইনিংস ঘোষণা করার সবচেয়ে বড় কারণ।” “দল সবসময়ই আগে। দলের জন্যই আমরা খেলি এবং জিততে চাই। যদি মনে হতো যে ব্যাটিং চালিয়ে গেলে দলের উপকার হবে তাহলে আমি অবশ্যই তা করতাম,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১০ঘ.