ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিপিএলের গভর্নিং কমিটির সভাপতি ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, “এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমাদের ছেলেরা আন্তর্জাতিক মানের ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার সুযোগ পাবে। প্রত্যেক খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুতও করতে পারবে।”
“এর সুফল পাওয়া যাবে জাতীয় দলে। দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। তার প্রস্তুতির জন্যও আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রয়োজন,” যোগ করেন তিনি।
একাডেমি কিংবা বয়স ভিত্তিক দলগুলো তেমন টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায় না। তাই গাজী আশরাফের বিশ্বাস, আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রস্তুতি হিসেবে বিপিএল ভীষণ কাজে আসতে পারে ক্রিকেটারদের।
টেস্ট ক্রিকেটে ১১ বছর কাটিয়ে দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। ঘরোয়া ক্রিকেটের অনুন্নত অবকাঠামোকেই সেজন্য দায়ী করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ।
তিনি বলেন, “সারা বছর ধরে খেলার জন্য ভাল টার্ফ, উইকেট, জিমন্যাশিয়াম, ইনডোর, ডরমিটরি তৈরি করা প্রয়োজন। অথচ এখনো আমাদের বেশির মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল।”
“আমাদের ক্রিকেটের পরিসর বড় হচ্ছে। এখন মেয়েরাও ওয়ানডে মর্যাদা পেয়েছে। তাই আমাদের আরো মাঠের দরকার। বাজেট আরো বড় করতে হবে, স্কুল ক্রিকেটের জন্যও বাজেট রাখতে হবে। খেলার সংখ্যা বাড়লে ব্যয়ের পরিমাণ বাড়বেই। ব্যয়ের উৎসও তাই বাড়াতে হবে,” যোগ করেন তিনি।
বিপিএলের সফল আয়োজন বিসিবির আয় অনেক বাড়িয়ে দেবে বলেই গাজী আশরাফের বিশ্বাস।
তিনি বলেন, “টুর্নামেন্ট পরিচালনার জন্য আম্পায়ারদের ফি, মাঠ প্রস্তুতসহ আনুষঙ্গিক খরচ বহন করবে গেম অন স্পোর্টস। টেলিভিশন সম্প্রচার, গেটমানি, টাইটেল স্পন্সর, কো-স্পন্সর ইত্যাদি খাতে প্রাপ্ত অর্থ থেকে প্রথম বছর প্রতিটি দলকে তারা এক কোটি টাকা করে দেবে। পরবর্তী পর্যায়ে টাকার পরিমাণ আরো বাড়তেও পারে।”
“নিলামের ক্ষেত্রে প্রতিটি দলের জন্য সর্বনিন্ম মুল্য রাখা হয়েছে ১০ লাখ ডলার। দল কেনার পর প্রতি বছর নবায়ন ফি হিসেবে জমা দিতে হবে এক লাখ ডলার,” যোগ করেন তিনি।
গাজী আশরাফ আরো জানান, “চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলোর প্রাইজমানি প্রায় ১২ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়নরা খরচের বড় একটি অংশ এখান থেকেই পেয়ে যাবে।”
প্রতিযোগিতার ৬টি দল অনুশীলন করবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, জাতীয় ক্রিকেট একাডেমি মাঠ ও ইনডোরে। আর বিকল্প হিসেবে থাকবে ফতুল্ল¬া স্টেডিয়াম ও বিকেএসপি।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো দল এখনো অংশ নেয়ার সুযোগ পায়নি। তবে গাজী আশরাফ জানিয়েছেন, বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ বা অন্তত একটি দল যেন এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পায় সেজন্য আয়োজকদের সঙ্গে বিসিবি আলোচনা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৬ঘ.
bdnews24