ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিডনি ক্রিকেট গ্রাউন্ডের শততম টেস্টে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। মঙ্গলবার দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের পর্যুদস্ত করে দ্বি-শতক করেছেন ক্লার্ক, আর পন্টিং পেয়েছেন জীবনের চল্লিশতম টেস্ট শতক। দিন শেষে স্বাগতিকদের প্রথম ইনিংসের সংগ্রহ চার উইকেটে ৪৮২ রান। এরই মধ্যে প্রতিপক্ষের চেয়ে তারা এগিয়ে ২৯১ রানে।
প্রথম ইনিংসে ভারত করেছে ১৯১ রান।
অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শুরু করে তিন উইকেটে ১১৬ রান নিয়ে। প্রথম দিন শেষে ৪৭ রানে অপরাজিত ক্লার্ক মধ্যাহ্ন বিরতির আগেই পেয়ে যান ১৮তম টেস্ট শতক। ১৩৬ বলে শতকে পৌঁছানোর পথে ১৪টি চার আসে তার ব্যাট থেকে।
ক্লার্ক দ্বি-শতকে পৌঁছান ২৮৪ বলে। দিন শেষে অস্ট্রেলীয় অধিনায়ক ২৫১ রানে অপরাজিত। ৩৪২ বলের দুর্দান্ত ইনিংসটি সাজানো ৩১টি চার ও একটি ছক্কায়।
ক্লার্কের সঙ্গে ২৮৮ রানের চমৎকার জুটি গড়া পন্টিংয়ের কৃতিত্বও কম নয়। আগের চার টেস্টে চারটি অর্ধশতক করলেও সমালোচকদের বাণে বিদ্ধ হতে হচ্ছিলো তাকে। টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সব সমালোচনার জবাব দিলেন দু বছর পর প্রথম শতক করে।
মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর ১৫০ বলে ১১টি চারের সাহায্যে শতক স্পর্শ করেন পন্টিং । শেষ পর্যন্তইশান্ত শর্মার বলে শচীন টেন্ডুলকারের হাতে ধরা পড়ার আগে ১৩৪ রান করেন তিনি। তার ২২৫ বলের ইনিংসে ১৪টি চার।
দলীয় ৩২৫ রানে পন্টিং বিদায় নিলেও ভারত হাসিমুখে দিনটা শেষ করতে পারেননি। কারণ ক্লার্ক ও মাইকেল হাসির অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটি।
দিন শেষে হাসি ৫৫ রানে অপরাজিত। ৯৭ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।
চার টেস্টের সিরিজের প্রথমটি জিতেছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/১৭১৬ ঘ.
bdnews24