২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ‘ভালবেসে’ ব্রিটেনে থাকার অনুমতি পেলেন বাংলাদেশি

রোববার ক্রিকেট খেলাসহ ব্রিটিশ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন- এই যুক্তি দেখিয়ে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন এক বাংলাদেশি। লন্ডন থেকে জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ক্রিকেট খেলাসহ ব্রিটিশ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন- এই যুক্তি দেখিয়ে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন এক বাংলাদেশি। আব্দুল্লাহ মুনাওয়ার (২৩) নামের এই বাংলাদেশি ছাত্রের আবেদন ব্রিটিশ হোম অফিস নাকচ করে দিয়েছিল। পরে তার আপিলের প্রেক্ষিতে ব্রিটেনে তার স্থায়ী বসবাসের পক্ষে রায় দেন অভিবাসন বিচারক সুসান ভি পিট। ইউরোপীয় মানবাধিকার সনদের ৮ নম্বর ধারায় প্রত্যেকের ‘ব্যক্তিগত জীবন যাপনের’ অধিকার রয়েছে উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসাবে মানবাধিকার সংক্রান্ত এই সনদ মেনে চলতে হয় ব্রিটেনকে। একাউন্টেন্সির ছাত্র মুনাওয়ার আদালতে তার আবেদনে বলেন, ব্রিটেনে তার অনেক বন্ধুবান্ধব তৈরি হয়েছে, ব্রিটিশ ঐতিহ্য অনুযায়ী তিনি রোববার ক্রিকেট খেলেন এবং সামাজিক কর্মকাণ্ডে যোগ দেন। সুতরাং তার ব্রিটেনে থাকার অধিকার জন্মেছে। আদালতের রায়ের পর সাউথগেইট ক্রিকেট ক্লাবের ফাস্ট বোলার মুনাওয়ার বলেন, এই রায়ে তিনি খুশি। মুনাওয়ারের আইনজীবী তমিজ উদ্দিন বলেন, মানবাধিকার আইনের আওতায় এই মামলার আপিল একটি উল্লেখযোগ্য ঘটনা। এ রায়ের ফলে ব্রিটেনে বসবাসের জন্য একই ধারায় আবেদন করতে পারবে কয়েক হাজার বিদেশি শিক্ষার্থী। ব্রিটেনে সাধারণত একজন শিক্ষার্থীকে তিন বছরের জন্য শিক্ষা ভিসা দেওয়া হয় এবং শিক্ষা শেষে তাদের ফিরে যেতে হয়। গত বছরের জুন পর্যন্ত এক বছরে ২ লাখ ৭১ হাজার শিক্ষার্থীকে এ ধরনের ভিসা দিয়েছে ব্রিটেন। অভিবাসনমন্ত্রী ‘হতাশ’ ব্রিটিশ অভিবাসনমন্ত্রী ডেমিয়েন গ্রিন আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বলেন, তিনি হতাশ। যুক্তরাজ্য সীমান্তে কড়াকড়ি আরোপে এবং অভিবাসনের হার কমাতে ইউরোপীয় মানবাধিকার সনদ বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বর্তমান সরকার এই সনদের বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। গ্রিন বলেন, “এই রুলিংয়ে প্রমাণ হয়েছে যে, যাদের এদেশে থাকার অধিকার নেই তাদের কীভাবে ইউরোপীয় মানবাধিকার সনদের ৮ নম্বর ধারা ব্রিটিশ জনসাধারণের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।” ‘মুনাওয়ার প্রমাণ করেছেন’ একাউন্টেন্সি পড়তে ২০০৮ সালে ব্রিটেন আসেন মুনাওয়ার। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের লাইম হাউসে এক আত্মীয়ের সঙ্গে থাকেন তিনি। স্নাতক পর্যায় সম্পন্ন করার পর তিনি ব্রিটেনে বসবাসের আবেদন করেন। কিন্তু হোম অফিস তার আবেদন নাকচ করে দেয়। এরপর ইউরোপীয় মানবাধিকার আইনের আওতায় এর বিরুদ্ধে আপিল করেন মুনাওয়ার। ইমিগ্রেশন অ্যান্ড এসাইলাম চেম্বারের আপার ট্রাইব্যুনালকে তিনি বলেন, তাকে নতুনভাবে একটি ভিসা ইস্যু করা উচিত কারণ তিনি আংশিকভাবে তার প্রশিক্ষণ সমাপ্ত করেছেন এবং ব্রিটেনে একটি সামাজিক জীবন প্রতিষ্ঠা করেছেন। বিচারক সুসান ভি পিট রায়ে বলেন, “মুনাওয়ার প্রমাণ করেছেন যে তিনি সপ্তাহান্তে ক্রিকেট খেলেন, নিয়মিত মসজিদে যান এবং সহপাঠী শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন।” একজনের ব্যক্তিগত জীবনযাপনে সম্মান প্রদর্শন না করে হোম অফিস অযৌক্তিক হস্তক্ষেপ করছে বলে বিচারক আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/জেকে/১০৩০ ঘ.